রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিরোধিতা করে ঢাকায় এক সেমিনারে আলোচকেরা এ ব্যাপারে ‘গণভোট’ দিতে বলেছেন প্রধানমন্ত্রীকে। প্রকল্পটি অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি জানান তাঁরা।
গতকাল শুক্রবার পুরানা পল্টনের ফারস হোটেলে ‘রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র বন্ধের প্রয়োজনীয়তা: হুমকির মুখে সুন্দরবন’ শীর্ষক এই সেমিনারে সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, শত নাগরিক কমিটির আহ্বায়ক অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকীসহ বক্তারা এসব কথা বলেন। বিএনপি-সমর্থক পেশাজীবীদের সংগঠন শত নাগরিক কমিটি এই সেমিনারের আয়োজন করে।
বিকল্পধারার সভাপতি বদরুদ্দোজা চৌধুরী বলেন, এতে যদি ক্ষতি না-ই হতো, তাহলে পশ্চিমবঙ্গে সুন্দরবনের অংশে কেন এ ধরনের প্রকল্প নেওয়া হয়নি? কেন ভারতের এ ধরনের দুটি প্রকল্প বাতিল করা হয়েছে। তিনি বলেন, ইউনেসকো বলেছে, রামপাল বিদ্যুৎকেন্দ্র হলে সুন্দরবন ধ্বংস হয়ে যাবে। এত বড় সতর্কতার পরও সরকার বলছে, কাজ চালিয়ে যাবে। এটা অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক।
জাফরুল্লাহ চৌধুরী রামপালের পরিবর্তে নেত্রকোনার কামালপুর অথবা সুসং দুর্গাপুর এলাকায় বিদ্যুৎকেন্দ্র করার জন্য বলেন।
কাদের সিদ্দিকী বলেন, ‘বিদ্যুৎকেন্দ্র ৩০টা করা যাবে, কমিশনও নেওয়া যাবে। সুন্দরবন পাওয়া যাবে না। যদি প্রস্তাব আসে, সুন্দরবন চাই; না বিদ্যুৎকেন্দ্র চাই। তাহলে বলব, ১০০ বার সুন্দরবন চাই। আমরা অন্ধকারে থাকব, কিন্তু সুন্দরবন চাই।’
সভাপতির বক্তব্যে এমাজউদ্দীন আহমদ বলেন, ‘ঝড়-জলোচ্ছ্বাসে সুন্দরবন আমাদের প্রহরীর মতো রক্ষা করে। এ বন ক্ষতিগ্রস্ত হোক, তা কেউ চায় না।’
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জলবায়ু বিশেষজ্ঞ মো. আশরাফ উদ্দিন। আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ারুল্লাহ চৌধুরী, সাবেক সহ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার, সেভ দ্য সুন্দরবনের আহ্বায়ক শেখ ফরিদ উদ্দিন প্রমুখ।