দেশবাসীর নেতিবাচক প্রতিক্রিয়া এবং ইউনেসকোর নিরীক্ষা প্রতিবেদন বিবেচনায় নিয়ে রামপাল বিদ্যুৎ প্রকল্প বন্ধে প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়েছে নাগরিক সংগঠন উইমেন ফর গুড গভর্নেন্স (ডব্লিউজিজি)।
সংগঠনের সভাপতি অধ্যাপক দিলারা চৌধুরী ও সাধারণ সম্পাদক রুবী আমাতুল্লাহ গতকাল সোমবার এক বিবৃতিতে এ অনুরোধ জানান। তাঁরা বলেন, ‘রামপালের ওপর ইউনেসকোর প্রতিবেদন ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য-উপাত্ত বিবেচনায় নিয়ে এর কার্যক্রম অবিলম্বে বন্ধ রাখার জন্য আমরা প্রধানমন্ত্রীর প্রতি সবিনয় অনুরোধ জানাচ্ছি।’
বিবৃতিতে সুন্দরবনের প্রান্তদেশের ১৪ কিলোমিটারের মধ্যে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প গ্রহণ করায় উদ্বেগ প্রকাশ করে বলা হয়, বিদ্যুৎকেন্দ্রটি চালু হলে এর থেকে নির্গত বিভিন্ন দূষণ ও অন্যান্য কার্যক্রমের ফলে সুন্দরবনের অস্তিত্ব বিপন্ন হবে। সুন্দরবনের অস্তিত্ব বিপন্ন হওয়া মানে বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হওয়া। কারণ, সুন্দরবন শুধু বাংলাদেশের সম্পদ নয়, বিশ্বঐতিহ্যের অংশ হিসেবে এটি সমগ্র বিশ্বেরও সম্পদ।
বিবৃতিতে রামপাল বিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে আন্দোলনরত তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটিসহ পরিবেশবাদী সংগঠন ও নাগরিক সমাজের প্রতিক্রিয়ার সঙ্গে একমত পোষণ করে উইমেন ফর গুড গভর্নেন্স। বিজ্ঞপ্তি।