
‘সুন্দরবন বাঁচাও, পরিবেশ বাঁচাও’ স্লোগানে রামপালের কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্প বাতিল করার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াত-সমর্থিত সাদা দলের শিক্ষকেরা।
গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত মানববন্ধনে অংশ নিয়ে শিক্ষকেরা এ দাবি জানান। মানববন্ধনে বিলি করা একটি লিফলেটে বলা হয়, বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা নিরসনে নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কোনো বিকল্প নেই। কিন্তু কোনোভাবেই তা সুন্দরবনের মতো নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমিকে ধ্বংস করে নয়। বিদ্যুতের চাহিদা মেটাতে যদি এ প্রকল্প বাস্তবায়ন করতে হয়, তবে রামপালে নয়, বরং পরিবেশ ঝুঁকি কম, এমন কোনো স্থানে প্রকল্প স্থানান্তর করতে হবে।
সরকার বিষয়টিকে রাজনৈতিকভাবে না নিয়ে জনস্বার্থে বিবেচনায় নেবে বলে আশা প্রকাশ করেন কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক সদরুল আমিন। তিনি কয়লার পরিবর্তে সৌর বিদ্যুৎকেন্দ্র নির্মাণের দাবি জানান। সিন্ডিকেট সদস্য মো. লুৎফর রহমান বলেন, সুন্দরবন ওই এলাকার অধিকাংশ মানুষের জীবিকা নির্বাহ করার উপায়। সেখানে বিদ্যুৎকেন্দ্র হলে প্রতিবেশ বিনষ্ট হবে, বিরূপ প্রভাব পড়বে পরিবেশের ওপর।
সাদা দলের আহ্বায়ক অধ্যাপক সিরাজুল ইসলাম বলেন, বাংলাদেশে সুন্দরবনের কোনো বিকল্প নেই, সুন্দরবন একটাই। কিন্তু বিদ্যুাৎকেন্দ্র নির্মাণ করার মতো অনেক জায়গা আছে। তাই বিদ্যুৎকেন্দ্রটি রামপাল থেকে সরিয়ে অন্য কোথাও নির্মাণ করা হোক।