রামপাল প্রকল্প বাতিলে সময়ক্ষেপণ বাংলাদেশ-ভারত সম্পর্ক ক্ষতিগ্রস্ত করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিলে সময়ক্ষেপণের কারণে বাংলাদেশ-ভারত সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।

গতকাল মঙ্গলবার জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ ও সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ এক বিবৃতিতে এই অভিযোগ করেন।

বিবৃতিতে জাতীয় কমিটির নেতারা বলেন, রামপাল বিদ্যুৎকেন্দ্র সুন্দরবনের জন্য যে বিনাশী হবে, বৈজ্ঞানিক তথ্য-উপাত্তের ভিত্তিতে দেশ-বিদেশের স্বাধীন বিশেষজ্ঞরা সুনির্দিষ্টভাবে তা বলেছেন। এরপরও সরকার এই প্রকল্প বাতিলে সময়ক্ষেপণ করছে। এতে সুন্দরবনের ক্ষতি বাড়ছে। দেশের ভাবমূর্তি বিনষ্ট হচ্ছে। বাংলাদেশ-ভারতের সম্পর্কও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

নেতারা আরও বলেন, সরকারকে বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত ও যুক্তি দিয়ে দেখানো হয়েছে যে প্রকল্পের কারণে দূষণ হবে। আর প্রকল্প বাস্তবায়নকারী কোম্পানি দূষণ দূর করার যে কথা বলছে, সারা দুনিয়ায় এর কোনো গ্রহণযোগ্য দৃষ্টান্ত নেই।

রামপাল প্রকল্পের খারাপ দিক তুলে ধরতে গিয়ে বিবৃতিতে বলা হয়, এই প্রকল্পে বিদ্যুৎ উৎপাদনের ব্যয় বেশি হবে। এতে বিদ্যুতের দাম বহুগুণ বাড়বে। কিন্তু এ তথ্য গোপন করা হচ্ছে। বিদ্যুৎকেন্দ্র হিসেবেও এটি আর্থিকভাবে অযৌক্তিক হবে। তদারকির নানা আশ্বাসের বিষয়ে জাতীয় কমিটির নেতারা বলেন, সচিবালয় থেকে দুই কিলোমিটার দূরের বুড়িগঙ্গা নদী দূষণে প্রায় মৃত অবস্থা। কয়েক শ কিলোমিটার দূরের রামপাল বিদ্যুৎকেন্দ্রে ঠিকঠাকভাবে সরকার তদারকি করবে, এটা কে বিশ্বাস করবে? তাই সুন্দরবনের মতো অতুলনীয় সম্পদ বিষয়ে কোনো ঝুঁকি নেওয়া গ্রহণযোগ্য নয়।

রামপাল নিয়ে ইউনেসকোর প্রতিবেদন সম্পর্কে জাতীয় কমিটির নেতারা বলেন, সংস্থাটির বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে সুন্দরবনের ক্ষতির বিষয়টি দেখিয়েছে। তারা রামপাল বিদ্যুৎকেন্দ্রসহ সুন্দরবনের জন্য হুমকিস্বরূপ সব বাণিজ্যিক তৎপরতা বন্ধ করতে বলেছে।