রামপাল প্রকল্প বাতিলের কর্মসূচিতে পুলিশের বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে প্রগতিশীল ছাত্রজোটের আজ মঙ্গলবারের কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে। এ সময় পুলিশের সঙ্গে ছাত্রজোটের নেতা-কর্মীদের ধস্তাধস্তি হয়।

এ ঘটনার প্রতিবাদে প্রগতিশীল ছাত্রজোট ১৮ আগস্ট সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।

আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্রজোটের এই কর্মসূচির উদ্বোধন শেষে নেতা-কর্মীরা অবস্থান নেওয়ার জন্য শাহবাগের দিকে যাচ্ছিলেন। এ সময় পুলিশ তাঁদের বাধা দেয়। একপর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে যাওয়ার পথে পুলিশ সদস্যদের সঙ্গে ছাত্রজোটের নেতা-কর্মীদের ধস্তাধস্তি হয়। এরপরও শাহবাগে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন ছাত্রজোটের নেতা-কর্মীরা।

ছাত্রজোটের দাবি, রাজপথে অবস্থান কর্মসূচিতে পুলিশের দফায় দফায় হামলায় আহত হয়েছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রগতি বর্মণ তমা, গোবিন্দ দাস, অরূপ দাস, মশিউর রহমান, হোসাইনুল আরেফিন, ছাত্র ফেডারেশনের কাঁকন বিশ্বাস, রিয়াদ, বিপ্লবী ছাত্র মৈত্রীর মাহমুদুল রহমান রুমি, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাদ্দাম হোসেন, মারিয়া ফেরদৌসসহ ২০ জন নেতা-কর্মী আহত হন। আহত নেতা–কর্মীরা ঢাকা মেডিকেলে চিকিৎসা নেন।

শাহবাগে প্রায় এক ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করেন ছাত্রজোটের নেতা-কর্মীরা। সেখানে বক্তৃতায় বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সৈকত মল্লিক বলেন, সরকার জনমত উপেক্ষা করে ভারতের বাতিল হওয়া কয়লাবিদ্যুৎ প্রকল্প বাংলাদেশে স্থাপন করছে। এটা বাংলাদেশের আত্মমর্যাদারও প্রশ্ন। এ কয়লাবিদ্যুৎ প্রকল্প হলে বাংলাদেশের রক্ষাকবচ সুন্দরবন ধ্বংস হবে।
ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি ইমরান হাবিব বলেন, ‘শুভবুদ্ধিসম্পন্ন কোনো মানুষই সুন্দরবন ধ্বংস করে এমন প্রকল্প মেনে নিতে পারে না। এ নিয়ে সরকারের সব চুক্তি বাতিল করতে হবে।’

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জিলানী শুভ বলেন, সিডর-আইলার মতো প্রাকৃতিক দুর্যোগের সময় সুন্দরবন ঢাল হিসেবে কাজ করেছে। তাই বাংলাদেশের ভবিষ্যৎ রক্ষায় সুন্দরবন বাঁচাতে রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিল করতে হবে।