রামপাল প্রকল্প বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে গতকাল বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও মিছিল করে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি l ছবি: প্রথম আলো
রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে গতকাল বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও মিছিল করে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি l ছবি: প্রথম আলো

২৬ অক্টোবর সুন্দরবন রক্ষার দাবিতে ডাকা মহাসমাবেশের আগে রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিলের ঘোষণা দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক সমাবেশে কমিটির নেতারা এ ঘোষণা দেন।
সমাবেশে জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ইউনেসকো রামপাল প্রকল্প বাতিলসহ সুন্দরবন রক্ষায় যেসব সুপারিশ করেছে, তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। ভারতের পরিবেশবাদীরাও এই প্রকল্প বাতিলের দাবি তুলছে। বিশ্বব্যাপী এই আন্দোলনের প্রতি সমর্থন গড়ে উঠছে। ফলে সরকারের সামনে এ প্রকল্প বাতিল করা ছাড়া আর কোনো উপায় নেই। তিনি দ্বিধা না করে দ্রুত রামপাল প্রকল্প বাতিলের ঘোষণা দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
আনু মুহাম্মদ আরও বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দেওয়ার শান্তিপূর্ণ কর্মসূচির ওপর পুলিশ হামলা চালিয়েছিল। কিন্তু সে সময় আশপাশের এলাকার অনেক সাধারণ মানুষ আন্দোলনকারীদের সহযোগিতা করেছে।
সমাবেশে বক্তারা বলেন, ভয় দেখিয়ে ও নির্যাতন করে সুন্দরবন রক্ষার আন্দোলন বন্ধ করা যাবে না। দেশের বেশির ভাগ মানুষ রামপাল প্রকল্প বাতিলের এই আন্দোলনের প্রতি তাদের সমর্থন ঘোষণা করেছে।
সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোশাহেদা সুলতানা, সংগীতশিল্পী ও কবি কফিল আহমেদ, বাসদের নেতা বজলুর রশিদ ফিরোজ ও খান আসাদুজ্জামান মাসুম।