রামপাল প্রকল্প বাতিলের দাবি বাম মোর্চার
রামপাল বিদ্যুৎ প্রকল্পের কার্যক্রম অবিলম্বে বন্ধ এবং দেশের দক্ষিণাঞ্চলের প্রাণ, প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষার দাবিতে গতকাল বৃহস্পতিবার জ্বালানি মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করেছে গণতান্ত্রিক বাম মোর্চা।
বিক্ষোভের আগে সমাবেশে বক্তারা বলেন রামপাল বিদ্যুৎ প্রকল্পের ভিত্তিফলক মহাজোট সরকারের কপালে দেশবিরোধী আরেকটি কলঙ্কের দাগ এঁকে দিয়েছে। এর উদ্দেশ্য বিদ্যুৎ সমস্যার সমাধান নয়। ভারতকে খুশি করে আগামী নির্বাচনী বৈতরণী পার হওয়ার রাস্তা প্রশস্ত করা।
বক্তারা আরও বলেন, সরকার যদি অবিলম্বে এই প্রকল্প বন্ধ না করে, তবে হরতাল-অবরোধসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই অপতৎপরতা বন্ধে সরকারকে বাধ্য করা হবে। জনমত উপেক্ষা করে চোরাগোপ্তা পথে যেভাবে রামপালে বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে, সেটা সরকারের নৈতিক পরাজয়।
বিক্ষোভের প্রথম দিকে সচিবালয়ের সামনে নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়।
বাম মোর্চার সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে বিক্ষোভ-সমাবেশে বক্তব্য দেন বাসদের (কনভেনশন প্রস্তুতি কমিটি) নেতা শুভ্রাংশু চক্রবর্তী, গণসংহতি আন্দোলনের নেতা জোনায়েদ সাকি, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক প্রমুখ।