রামপাল প্রকল্প বাতিলের দাবিতে কাল ঢাকায় মহাসমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামপাল প্রকল্পসহ সুন্দরবনবিনাশী সব প্রকল্প বাতিল ও সাত দফা দাবিতে ডাকা মহাসমাবেশে দেশবাসীকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। কাল শনিবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশ হবে।
মহাসমাবেশ সামনে রেখে গতকাল বৃহস্পতিবার থেকে ‘চলো চলো ঢাকা চলো’ কর্মসূচি শুরু করেছে জাতীয় কমিটি। এই কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার বিকেলে দেশের সাতটি বিভাগে সমাবেশ হবে। আগামীকালের মহাসমাবেশ হবে শুধু রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে, বেলা দুইটায়।
বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ভারতের যৌথ উদ্যোগে ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার কয়লা বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের বিরোধিতা করে আসছে জাতীয় কমিটিসহ পরিবেশবাদীদের অনেকেই। তারা বলছে, রামপালে বিদ্যুৎকেন্দ্র হলে সুন্দরবনের পরিবেশের ক্ষতি হবে। আর সরকার বলছে, এতে পরিবেশের ক্ষতি হবে না।
মহাসমাবেশের কর্মসূচির বিষয়ে জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ প্রথম আলোকে বলেন, ‘দেশের বেশির ভাগ মানুষ সুন্দরবন রক্ষার এই আন্দোলনে সমর্থন দিয়েছে। বিভিন্ন জরিপেও তা প্রমাণিত হয়েছে। আমরা আশা করি জনসমর্থনের প্রতি শ্রদ্ধা রেখে সরকার আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করবে।’
জাতীয় কমিটির মহাসমাবেশ সফল করতে গতকাল মশাল মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদ। সন্ধ্যা ছয়টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মশাল মিছিলটি শুরু হয়ে তা গুলিস্তান থেকে দৈনিক বাংলা মোড় দিয়ে পল্টনে এসে শেষ হয়। ছাত্র ইউনিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল দেশব্যাপী সুন্দরবন সপ্তাহের সমাপনী কর্মসূচি হিসেবে সিলেট, কক্সবাজার, লালমনিরহাট, জামালপুর, রাজশাহী ও রংপুর জেলায় মশাল মিছিল কর্মসূচি পালন করেছে সংগঠনটি।
জাতীয় কমিটি থেকে জানানো হয়েছে, আজ সকাল থেকে খুলনা বিভাগের চারারহাট ও বাগেরহাটের রামপাল, রংপুর বিভাগের পঞ্চগড়, ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা, বরিশাল বিভাগের পটুয়াখালী, রাজশাহী বিভাগের কাটঘাট, সিলেট বিভাগের সুনামগঞ্জ ও চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলা থেকে চলো চলো ঢাকা চলো কর্মসূচি শুরু হবে। বিকেলে বিভাগীয় সদরগুলোতে সমাবেশ হবে।