রামপাল প্রকল্প বাতিলের দাবিতে কাল বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের কাছে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র প্রকল্পের প্রতিবাদে কাল বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ ঘোষণা করেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।

আজ মঙ্গলবার রাজধানীর পল্টনের মুক্তি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ এ ঘোষণা দেন।

একই সঙ্গে সরকার এ প্রকল্প থেকে সরে না এলে কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করা হয় সম্মেলন থেকে।

৫ অক্টোবর প্রধানমন্ত্রীর রামপাল প্রকল্পের উদ্বোধনের সমালোচনা করে তিনি বলেন, নির্ধারিত তারিখের ১৭ দিন আগে আড়াই শ কিলোমিটার দূরে বসে দূরনিয়ন্ত্রিত যন্ত্রের (রিমোট কন্ট্রোল) সাহায্যে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী যৌথভাবে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের ভিত্তিফলক উন্মোচন করেছেন। এসব চালাকি তাঁদের নৈতিক পরাজয়ের লক্ষণ।

আনু মুহাম্মদ বলেন, ‘সুন্দরবন রক্ষায় ২৪ থেকে ২৮ সেপ্টেম্বর আমরা সারা দেশে ৪০০ কিলোমিটার লংমার্চ সম্পন্ন করেছি। সারা দেশের মানুষের দাবি আগ্রাহ্য করে যেভাবে ভিত্তিফলক স্থাপন করা হলো, তার প্রতিবাদের জন্য হরতালই ছিল উপযুক্ত জবাব।
কিন্তু ঈদ ও পূজার প্রাক্কালে জনগণের সমস্যার কথা বিবেচনা করে আমরা হরতাল কর্মসূচি দিইনি। আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদের রক্ষাবাঁধ সুন্দরবন ধ্বংস হয় এমন প্রকল্প বাংলাদেশের মানুষ কোনোভাবেই হতে দেবে না। প্রয়োজনে আমরা কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দেব।’

রামপাল প্রকল্প বাতিলের দাবিতে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আন্দোলনে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া সমর্থন দিয়েছেন। সমর্থনের বিষয়টি কমিটি কীভাবে দেখছে জানতে আনু মুহাম্মদ বলেন, ‘যখন যিনি বিরোধী দলে থাকেন, তখন তিনি আমাদের এ ধরনের আন্দোলনে সমর্থন দেন। কিন্তু ক্ষমতায় গেলে ভুলে যান। আমরা এতে অবাক হই না।’

আজকের সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুত্-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মোহাম্মদ শহীদুল্লাহসহ অন্যান্য নেতা-কর্মী।