রামপাল প্রকল্প বাতিলের দাবিতে চট্টগ্রামে ইসলামিক ফ্রন্টের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামপাল কয়লাবিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবি জানিয়েছে ইসলামিক ফ্রন্ট ও ইসলামী ছাত্রসেনা। গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম নগরের আন্দরকিল্লা শাহি জামে মসজিদ চত্বরে প্রতিবাদ সমাবেশ থেকে সংগঠন দুটির নেতারা এ দাবি জানান।
সমাবেশে বক্তারা বলেন, বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের কাছে রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হলে জাতীয় স্বার্থ কোনোভাবেই রক্ষা হবে না। পুরো দেশ বিদ্যুৎ প্রকল্পের পক্ষে। তবে তা সুন্দরবন ও পরিবেশ ধ্বংস করে নয়। কারণ রামপালের নির্ধারিত স্থানে কয়লাবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়িত হলে সুন্দরবন ধ্বংস হওয়ার আশঙ্কা রয়েছে।
গতকালের সমাবেশে বক্তারা বেসরকারি টেলিভিশন চ্যানেলের ধর্মীয় অনুষ্ঠানের উপস্থাপক নুরুল ইসলাম ফারুকীর হত্যাকারীদের বিচারের দাবি জানান।
ইসলামিক ফ্রন্টের চট্টগ্রাম উত্তর জেলা শাখার সভাপতি হাফেজ আহমদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এস এম ফরিদ উদ্দিন, ছাত্রবিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম, ইসলামী ছাত্রসেনার চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আহমদ রেজা, চট্টগ্রাম উত্তর জেলা শাখার সভাপতি খ ম জামাল উদ্দিন প্রমুখ।
সমাবেশের আগে চট্টগ্রাম প্রেসক্লাব থেকে শুরু হওয়া একটি বিক্ষোভ মিছিল চেরাগি পাহাড় মোড় হয়ে আন্দরকিল্লা শাহি জামে মসজিদ চত্বরে এসে শেষ হয়।