রামপাল প্রকল্পকে না বলার এখনই উপযুক্ত সময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামপাল বিদ্যুৎ প্রকল্পের বিশ্লেষণ ও বিশেষজ্ঞ মতামত শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, দেশের বেশির ভাগ মানুষ ও বিশেষজ্ঞ এই প্রকল্পের বিরুদ্ধে। প্রকল্পটি বাতিলের এখনই উপযুক্ত সময়। কেননা প্রকল্পের অর্থায়ন ও অন্যান্য অবকাঠামোর কাজ শুরু হয়ে গেলে তা থেকে সরে আসা কঠিন হবে।
গতকাল জাতীয় প্রেসক্লাবে এই আলোচনা সভার আয়োজন করে বিজ্ঞান আন্দোলন মঞ্চ। এতে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, সরকার উন্নয়নের নামে রামপালে যে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে চাচ্ছে, তা আসলে ‘সুন্দরবন ধ্বংসের উন্মাদনা’। এই উন্মাদনা থেকে সরে আসতে দেশের স্বাধীন বিশেষজ্ঞরা বিজ্ঞানসম্মত তথ্য-উপাত্ত সরকারের সামনে তুলে ধরছেন। কিন্তু সরকার এখনো অনড় আছে। সরকারের পক্ষ থেকে উল্টো রামপাল প্রকল্পের পক্ষে অনেক যুক্তি-তথ্য তুলে ধরলেও ইউনেসকো এসব কুযুক্তি আমলে নেয়নি। তারাও এই প্রকল্প বন্ধ করতে বলেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সাবেক অধ্যাপক আবুল বাশার বলেন, দেশে যত মধু উৎপাদিত হয় তার অর্ধেক হয় সুন্দরবনে। এই মধু উৎপাদনে প্রধান ভূমিকা পালন করে এক ধরনের মৌমাছি। এই মৌমাছি সুন্দরবনের বেশির ভাগ বৃক্ষের পরাগায়ণ ঘটায়। এই প্রাণীটি এতই সংবেদনশীল যে সামান্য দূষণের ঘটনায় এদের প্রজননতন্ত্র নষ্ট হয়ে যায়। ফলে রামপাল প্রকল্প-নির্গত ন্যূনতম দূষণ সুন্দরবনকে ধ্বংসের দিকে ঠেলে দেবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক আবদুল আজিজ ১৯৭২ সাল থেকে সুন্দরবন নিয়ে তাঁর গবেষণার আলোকে মতামত তুলে ধরেন। তিনি বলেন, ইতিমধ্যে ফারাক্কার কারণে সুন্দরবনে লবণাক্ততা বেড়ে যাওয়ায় সুন্দরী গাছের সংখ্যা অর্ধেকে নেমে এসেছে। রামপাল প্রকল্পের জন্য প্রয়োজনীয় পানি সুন্দরবনের পাশের ভূগর্ভের মিষ্টি পানির প্রবাহ থেকে নেওয়া হবে। এতে ভূগর্ভে লবণ পানি প্রবেশ করে পুরো সুন্দরবন এলাকাকে বিপর্যয়ের দিকে ঠেলে দেবে।
পানি বিশেষজ্ঞ ম ইনামুল হক বলেন, রাষ্ট্রীয় ক্ষমতা ও বিদেশি শক্তির সমর্থন, সবই সরকারের কাছে আছে। ওই শক্তির জোরে তারা রামপাল প্রকল্প করেও ফেলতে পারে। তাই সর্বশক্তি দিয়ে রামপাল প্রকল্প বাতিলের দাবি তুলতে হবে। জ্বালানি বিশেষজ্ঞ বিডি রহমতউল্লাহ দেশের নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা তুলে ধরে বলেন, দেশে সৌরশক্তি থেকে ১০ হাজার মেগাওয়াট, গরু ও মুরগির গোবর, গৃহস্থ বর্জ্য থেকে আরও ১৫ থেকে ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। বিদ্যুৎ উৎপাদনের যতগুলো উৎস আছে তার মধ্যে সবচেয়ে পরিবেশ ধ্বংসকারী হচ্ছে কয়লা। আর সরকার এটাকেই বেছে নিচ্ছে। বিজ্ঞান আন্দোলন মঞ্চের সভাপতি ইমরান হামিমের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বাসদ নেতা রাজেকুজ্জামান এবং সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব আবদুল মতিন প্রমুখ।