রামপাল প্রকল্পে স্থিতাবস্থা চেয়ে রিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের ওপর স্থিতাবস্থা চেয়ে আজ রোববার হাইকোর্টে রিট করা হয়েছে। স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশনা চেয়ে রিটটি করেছেন সুপ্রিম কোর্টের চারজন আইনজীবী।

বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে কাল সোমবার রিটের ওপর শুনানি হতে পারে।

আবেদনকারীদের আইনজীবী মনজিল মোরসেদ প্রথম আলো ডটকমকে বলেন, রিট আবেদনটি দাখিল করা হয়েছে। কাল শুনানি হতে পারে।

সংশ্লিষ্ট এলাকায় প্রকল্পটি বাস্তবায়ন করা হলে জনজীবনে কী প্রভাব ফেলবে, তা মূল্যায়নে দেশি-বিদেশি পরিবেশবিদদের সমন্বয়ে কেন একটি কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হবে না—এই মর্মে রুল চাওয়া হয়েছে রিটে।

কমিটির প্রতিবেদন দাখিল না করা পর্যন্ত প্রকল্প বাস্তবায়নের ওপর স্থিতাবস্থা চাওয়া হয়েছে। একই সঙ্গে কমিটির সুপারিশ অনুযায়ী পরিবেশবান্ধব কোনো জায়গায় এই প্রকল্প স্থাপনের নির্দেশ কেন দেওয়া হবে না—এই মর্মে রুল চাওয়া হয়েছে।

রিট আবেদনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, মন্ত্রিপরিষদ সচিব, পরিকল্পনা সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।