রামপালে স্থিতাবস্থা চেয়ে রিট সরাসরি খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক তাপবিদ্যুত্ প্রকল্প বাস্তবায়নের ওপর স্থিতাবস্থা চেয়ে করা রিট আবেদনটি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

আজ রোববার বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। 

গত ২৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের চারজন আইনজীবী রিট আবেদনটি করেন। আবেদনটি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে উপস্থাপন করা হলে ২ অক্টোবর বেঞ্চের একজন বিচারপতি শুনতে বিব্রত বোধ করেন। পরে বিষয়টি প্রধান বিচারপতির কাছে যায়। প্রধান বিচারপতি তা এই বেঞ্চে পাঠান।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস।

মনজিল মোরসেদ সাংবাদিকদের জানান, এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।

সমরেন্দ্র নাথ প্রথম আলো ডটকমকে বলেন, রিটে পর্যাপ্ত সারবত্তা না থাকায় আদালত তা সরাসরি খারিজ করে দিয়েছেন।