বিশেষজ্ঞদের মতামত তুলে ধরল জাতীয় কমিটি
রামপাল প্রকল্পের প্রযুক্তি সেকেলে, নেতিবাচক প্রভাব রোধে অনুপযুক্ত
রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে যেসব প্রযুক্তি ব্যবহৃত হবে, তা সেকেলে এবং নেতিবাচক প্রভাব প্রতিরোধে অনুপযুক্ত বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলেছেন, খরচ বাঁচাতে প্রকল্পে পারদ নিয়ন্ত্রণের অনুন্নত যন্ত্র ব্যবহৃত হবে। এতে কয়লা পোড়ানোর পর যে পারদ বের হবে, তা পানিতে পড়ে মাছ ও অন্যান্য জলজ প্রাণীর দেহে ঢুকে সুন্দরবনের খাদ্যচক্রে যুক্ত হবে।
কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের প্রযুক্তি ও পরিবেশ সুরক্ষা নিয়ে কাজ করেন এমন পাঁচজন বিশেষজ্ঞ ও প্রযুক্তিবিদ রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিষয়ে গবেষণা করে এমন মতামত দিয়েছেন। গতকাল শুক্রবার রাজধানীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে তাঁদের মতামত তুলে ধরে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি। জাতীয় কমিটি এই বিশেষজ্ঞদের কাছে এ বিষয়ে ১০টি প্রশ্ন পাঠিয়ে মতামত চেয়েছিল।
সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক সুলতানা কামাল বিশেষজ্ঞদের মতামত তুলে ধরে বলেন, রামপাল বিদ্যুৎ প্রকল্পটি একটি দ্বিতীয় শ্রেণির সেকেলে প্রযুক্তি দিয়ে নির্মিত হতে যাচ্ছে। প্রকল্পের কয়লা পোড়ানো থেকে নির্গত হওয়া মারাত্মক ক্ষতিকারক পদার্থ নাইট্রাস অক্সাইড (নক্স) নিয়ন্ত্রণের ব্যবস্থাটি ৩০ বছরের পুরোনো প্রযুক্তি দিয়ে তৈরি হবে। প্রকল্পে ভূমিকম্প ও বন্যা-জলোচ্ছ্বাসের হুমকি মোকাবিলার ব্যবস্থাপনাও যথেষ্ট দুর্বল।
বাংলাদেশ-ভারত মৈত্রী কোম্পানি থেকে প্রকাশ করা নথি, পরিবেশগত প্রভাব সমীক্ষা প্রতিবেদন (ইআইএ) ও দরপত্রের নথি বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা আরও বলেছেন, এই প্রকল্প অর্থনৈতিকভাবেও ঝুঁকিপূর্ণ, যা বাংলাদেশকে ‘ফাঁকা পকেট’-এ পরিণত করবে। এ থেকে বাংলাদেশ কখনো বেরও হতে পারবে না।
সংবাদ সম্মেলনে স্কাইপে পাঁচ বিশেষজ্ঞের পক্ষে যোগ দেন দূষণ নিয়ন্ত্রণ বিষয়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশেষজ্ঞ রণজিৎ সাহু। তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবও দেন।
সংবাদ সম্মেলনে বিশেষজ্ঞদের মতামত পড়ে শোনান সুলতানা কামাল। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সদস্যসচিব আবদুল মতিন, শরিফ জামিল ও রুহিন হোসেন।
রণজিৎ সাহু বলেন, সুন্দরবনের মতো সংবেদনশীল জায়গার পাশে এ ধরনের বড় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র কখনো নির্মিত হয়নি। রামপাল প্রকল্পে কয়লার ছাই বাঁচানোর জন্য পুরোনো প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। যাতে ওই ছাই বাজারে বিক্রি করা যায়। খরচ কমাতে ও আয় বাড়াতে নেওয়া এই পুরোনো প্রযুক্তির কারণে প্রকল্প থেকে পারদ নির্গত হওয়ার পরিমাণ বাড়িয়ে দেবে; যা সুন্দরবনের পানি ও মাটির সঙ্গে মিশে পুরো বনের জীববৈচিত্র্য ধ্বংস ও বিষাক্ত করে তুলবে।
সুলতানা কামাল বলেন, সরকার কোন যুক্তিতে, কেন রামপাল প্রকল্প এখনো করতে চাইছে, তা তাঁদের কাছে পরিষ্কার নয়। রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের মতো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ক্ষেত্রেও সরকারকে একই ধরনের আচরণ করতে দেখা যাচ্ছে। তিনি বলেন, এখনো সময় আছে সরকারের উচিত সুন্দরবন রক্ষার স্বার্থে এসব বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত পর্যালোচনা করে এই প্রকল্প বাতিল করা।
যে যুক্তিতে সরকার রামপালের দ্বিতীয় ইউনিট বাতিল করেছে, একই যুক্তিতে প্রথম ইউনিটটিও বাতিল করার জন্য সরকারকে আহ্বান জানান রুহিন হোসেন।
অধ্যাপক এম এম আকাশ বলেন, রামপাল প্রকল্পে যদি আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়, তাহলে এর খরচ তিন গুণ বেড়ে যাবে। ফলে এখনই এই প্রকল্পের জন্য বাংলাদেশ ও ভারতকে বিপুল পরিমাণে ভর্তুকি গুনতে হবে। তাই সরকারের উচিত এখনই এ ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেওয়া।
সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি রামপাল প্রকল্পের কারণে ক্ষতির বিষয়টিকে আন্তর্জাতিক আদালত ও দেশে আইনি লড়াইয়ে নিয়ে যাবে কি না—এ প্রশ্নে সুলতানা কামাল বলেন, ‘আমরা বিষয়টি বিচার-বিবেচনা করে দেখছি।’
শরিফ জামিল বলেন, বর্তমান সময়ে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো বিশ্বজুড়ে লোকসানি ও ব্যয়বহুল হয়ে উঠছে। আর সৌরবিদ্যুৎ ব্যয়সাশ্রয়ী হয়ে যাচ্ছে।
দূষণের খতিয়ান: বিশেষজ্ঞ মতামতে আরও বলা হয়, এই প্রকল্পে পানিদূষণ নিয়ন্ত্রণের যথেষ্ট ব্যবস্থা নেই। বিদ্যুৎ প্রকল্প থেকে নির্গত পানি আবারও ব্যবহার করার নিয়ম ভারতের কয়লাভিত্তিক প্রকল্পগুলো মেনে চলে। কিন্তু এই প্রকল্পে ছাই ভেজানো, যন্ত্রপাতি শীতলকরণ, ফ্লু-গ্রাস স্ক্রাবারের ময়লা দূর করা, ছাই অপসারণের জন্য পশুর নদের পানি উত্তোলন করা হবে।
কয়লার ছাইয়ে পানি ব্যবহার করা হবে, তাতে তৈরি হবে বিষাক্ত কয়লার কাদা। প্রতিদিন ৪২২ ঘনমিটার ভেজা ছাই প্ল্যান্টের কয়লা-পুকুরে পাঠানো হবে। যেকোনো সময় ভূমিকম্প বা জলোচ্ছ্বাসের ফলে যেকোনো ছিদ্রপথে তা সুন্দরবনের নদীতে পড়তে পারে। ফলে আর্সেনিক, ক্যাডমিয়াম, হেক্সাভ্যালেন্ট ক্রোমিয়াম, সিসা, পারদ, থেলিয়াম ও ইউরেনিয়ামের সঙ্গে মিশ্রিত ওই কয়লার কাদা সুন্দরবনে গিয়ে পড়বে।
প্রকল্পের কয়লার জাহাজ যাতায়াতে সুবিধার জন্য পশুর নদ খনন করা হবে। খননের ওই পথে ডলফিনের অভয়ারণ্য ও অন্যান্য জলজ জীববৈচিত্র্যের বসতি রয়েছে। নিয়মিত খননের কারণে এসব প্রাণী ওই এলাকায় আর থাকতে পারবে না।
প্রতিবছর প্রকল্প থেকে ২ থেকে ৩ দশমিক ৮ টন কয়লার গুঁড়া বাতাসে মিশবে। ওই গুঁড়া নিয়ন্ত্রণের জন্য পানি ছিটানোর যে পরিকল্পনা নেওয়া হয়েছে, তা একটি অকার্যকর পদ্ধতি। ফলে ওই গুঁড়া সুন্দরবনের প্রাণীদের দেহে গিয়ে নানা ধরনের রোগবালাই তৈরি করবে। অল্প বয়সী একটি মাছের গায়ে কোনো কয়লার গুঁড়া আধা ঘণ্টা থাকলেই সেটি মারা যাবে। এ ছাড়া জলজ প্রাণীর দেহে ক্যানসার, দৈহিক বৃদ্ধি ব্যাহত করা ও প্রজননক্ষমতা কমিয়ে দেবে।
জাতীয় কমিটির পাঠানো প্রশ্নে বায়ুদূষণের বিষয়ে গবেষণা করেছেন ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ রণজিৎ সাহু, পানিদূষণ নিয়ে আন্তর্জাতিক সংস্থা ওয়াটার কিপারসের পানিদূষণ বিশেষজ্ঞ ডোনা লিসেনবি, কয়লার বর্জ্য বিষয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সিভিল ও এনভায়রনমেন্টাল বিভাগের প্রধান অধ্যাপক ডেভ নিয়েমেয়ার, কয়লার ছাই অপসারণ বিষয়ে যুক্তরাজ্যের জলীয় ভূতত্ত্ববিদ্যা বিশেষজ্ঞ চার্লস এস নরিস এবং সামুদ্রিক জলোচ্ছ্বাস ও ভূমিকম্পের ঝুঁকি নিয়ে গবেষণা করেছেন যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের লেমন্ট-ডোহার্তি আর্থ অবজারভেটরির অধ্যাপক ক্লস এইচ জ্যাকব।