রামপাল প্রকল্পের বাস্তবায়ন হবে 'আলট্রা সুপার' অপমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে গতকাল সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি ও বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলন আয়োজিত সংবাদ সম্মেলনে (বাঁ থেকে) এম এম আকাশ, সৈয়দ আবুল মকসুদ ও রাশেদা কে চৌধূরী l প্রথম আলো
রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে গতকাল সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি ও বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলন আয়োজিত সংবাদ সম্মেলনে (বাঁ থেকে) এম এম আকাশ, সৈয়দ আবুল মকসুদ ও রাশেদা কে চৌধূরী l প্রথম আলো

*সংবাদ সম্মে​লনে পরিবেশবাদী নেতাদের মন্তব্য * পোল্যান্ডে ইউনেসকোর বিশ্ব ঐতিহ্য কমিটির বৈঠক শুরু

ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) এক সংবাদ সম্মেলনে গতকাল রোববার এসব কথা বলেন লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর বিশ্ব ঐতিহ্য কমিটির ৪১তম অধিবেশন উপলক্ষে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্য দেন তিনি।

গতকালই বাংলাদেশ সময় সন্ধ্যা থেকে পোল্যান্ডের ক্র্যাকো শহরে শুরু হয়েছে ইউনেসকোর এই কমিটির অধিবেশন। চলবে ১২ জুলাই পর্যন্ত। সেখানে ১০ জুলাইয়ের সেশনে সিদ্ধান্ত নেওয়া হবে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের তালিকা থেকে বাদ দিয়ে ঝুঁকিপূর্ণ বিশ্ব ঐতিহ্যের তালিকায় যুক্ত করা হবে কি না। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনের গতকালের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাপার সহসভাপতি ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী বলেন, ‘আমরা চাই বাংলাদেশের গর্ব সুন্দরবনকে যাতে ইউনেসকো বিশ্ব ঐতিহ্যের তালিকা থেকে বাদ না দেয়। তবে এর জন্য সরকারকে রামপাল প্রকল্প বাতিল করতে হবে। এই প্রকল্পের কারণে কী ক্ষতি হবে, সে বিষয়ে এ পর্যন্ত ১২টি দেশি-বিদেশি গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে। কিন্তু সরকার তা আমলে নেয়নি। এই প্রকল্প হবে সুন্দরবনের কফিনে শেষ পেরেক।’

সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক এম এম আকাশ বলেন, ‘আমরা কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের বিরুদ্ধে না। আমরা সুন্দরবনের পাশ থেকে রামপাল প্রকল্প সরিয়ে নেওয়ার পক্ষে। আমরা মোট তিনটি বিকল্প স্থানে রামপাল প্রকল্প করার ব্যাপারে সরকারকে সুনির্দিষ্ট পরামর্শ দিয়েছি। কিন্তু সরকার তা আমলে নেয়নি।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক বদরূল ইমাম বলেন, ‘কোন অজানা শক্তির প্ররোচনায় সরকার রামপাল প্রকল্প করে সুন্দরবনের ক্ষতি করছে, তা আমাদের জানতে হবে।’

বাপার সাধারণ সম্পাদক আবদুল মতিন বলেন, সরকারের একজন জ্যেষ্ঠ সচিব বিভিন্ন জায়গায় বক্তৃতা দিয়ে বলে বেড়াচ্ছেন, যাঁরা রামপাল নিয়ে আন্দোলন করছেন, তাঁদের সঙ্গে উন্মুক্ত বিতর্ক চান। কিন্তু এ পর্যন্ত রামপাল প্রকল্প নিয়ে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি ১২টি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে। সরকার থেকে এখন পর্যন্ত তার কোনো জবাব দেওয়া হয়নি। দেশের যেকোনো স্থানে এ ধরনের উন্মুক্ত বিতর্ক করার জন্য চ্যালেঞ্জ ছুড়ে দেন আবদুল মতিন।

এদিকে গতকাল এক বিবৃতিতে তেল-গ্যাস–খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ ও সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের তালিকা থেকে বাদ দিলে বাংলাদেশ ও ভারত দুই দেশই আন্তর্জাতিকভাবে ধিক্কৃত হবে। এই দুই দেশ যৌথভাবে রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করার কারণে সুন্দরবনও ধ্বংস হবে। এতে সুন্দরবন বিনাশে দেশি-বিদেশি দুর্বৃত্ত গোষ্ঠীর তৎপরতা আরও সহজ হবে।