রামপাল প্রকল্পের বিরুদ্ধে জাতিসংঘ সদর দপ্তরের বাইরে বিক্ষোভ

সুন্দরবনের পাশে রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বাতিলের দাবিতে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের পাশে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে কয়েকটি পরিবেশবাদী সংগঠন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে মানববন্ধন ও সমাবেশে সংগঠনগুলোর পক্ষ থেকে এ প্রকল্পে অর্থায়ন না করতে আন্তর্জাতিক আর্থিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানানো হয়।
আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন ফ্রেন্ডস অব দ্য আর্থ, সিয়েরা ক্লাব, রেইন ফরেস্ট অ্যাকশন নেটওয়ার্ক, সেন্টার ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি ও বাংলাদেশভিত্তিক পরিবেশবাদী সংগঠন প্রতিবেশ আন্দোলনের যুক্তরাষ্ট্র শাখা যৌথভাবে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে ফ্রেন্ডস অব দ্য আর্থের জলবায়ু ন্যায়বিচার বিভাগের প্রধান জেনি বক বলেন, প্যারিস জলবায়ু সম্মেলনে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বেশির ভাগ রাষ্ট্র চুক্তি স্বাক্ষর করেছে। রামপাল কয়লা বিদ্যুৎকেন্দ্র ওই জলবায়ু চুক্তির সঙ্গে সাংঘর্ষিক।
প্রতিবেশ আন্দোলনের আন্তর্জাতিক সমন্বয়কারী এশা আবরার খান বলেন, পৃথিবীর অন্যতম জীববৈচিত্র্যপূর্ণ এই বন সরকারের নেওয়া একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের কারণে ধ্বংস হয়ে যাবে, তা আমরা হতে দিতে পারি না। তিনি বিশ্বের পরিবেশবাদীদের রামপাল প্রকল্প বাতিল ও সুন্দরবন রক্ষার আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান।
আয়োজকেরা তাঁদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, রামপাল প্রকল্প বাতিলের দাবিতে এর আগে যুক্তরাজ্যের লন্ডন, ফ্রান্সের প্যারিস, ওয়াশিংটন ডিসিসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবাদ সমাবেশের অংশ হিসেবে জাতিসংঘ সদর দপ্তরের সামনে এই সমাবেশটি অনুষ্ঠিত হলো।