সুন্দরবনের পাশ থেকে রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প অন্যত্র নিরাপদ স্থানে সরিয়ে নিতে হবে। ঝুঁকিপূর্ণ জেনেও সরকার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে যেভাবে এগোচ্ছে, তা পুনর্বিবেচনা করতে হবে। না হলে এটি বাংলাদেশের মানুষের ঝুঁকি বাড়াবে ও ১২ দশমিক ৬৫ বিলিয়ন ডলারের ওই প্রকল্পটি একটি শ্বেতহস্তিতে পরিণত হবে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন) আয়োজিত স্থায়িত্বশীল উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ও পরিবেশ শীর্ষক দুই দিনের বিশেষ সম্মেলনে এ কথা বলা হয়। সম্মেলন শেষে দেওয়া ঘোষণায় সরকারের প্রতি মোট ৩৯টি সুপারিশ করা হয়েছে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিত ওই সম্মেলনে পরিবেশ, জ্বালানি, নগর, পানি, শান্তি ও ন্যায়বিচার বিষয়ে ২৩টি অধিবেশনে শতাধিক বিষয় উপস্থাপনা করা হয়। এতে দেশে ও প্রবাসে থাকা বাংলাদেশি শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ ও সরকারের নীতিনির্ধারক পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।
সুপারিশে স্থায়িত্বশীল উন্নয়ন বিষয়ে নেওয়া সরকারের বেশ কিছু পদক্ষেপের প্রশংসা করা হয়। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার (এমডিজি) মতো এসডিজি অর্জনে সরকারের সাফল্য কামনা করা হয়। তবে সরকার যেভাবে বড় উন্নয়ন প্রকল্পগুলো তড়িঘড়ি করে বাস্তবায়নের উদ্যোগ নিচ্ছে তার সমালোচনা করে বলা হয়, এতে দেশের অনেক এলাকার পরিবেশ, প্রাণ ও প্রকৃতি হুমকির মুখে পড়ছে। সমাপনী অধিবেশনে নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান তাঁর এখতিয়ারের মধ্যে যেসব সুপারিশ আছে, তা পালন করার অঙ্গীকার করেন।
জ্বালানি ও পরিবেশ অধিবেশনে বাপার সহসভাপতি সুলতানা কামাল ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় বৃক্ষরোপণ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া একটি বক্তৃতা পাঠ করে শোনান। তাতে বঙ্গবন্ধু বলেছিলেন, ‘সুন্দরবন আমরা সৃজন করি নাই। এখানকার গাছপালা আমরা রোপণ করি নাই। এটি প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে। এই সুন্দরবন আমাদের বঙ্গোপসাগরের ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষা করছে। সুন্দরবন না থাকলে সমুদ্রের ভাঙনে নোয়াখালী, হাতিয়াসহ দেশের বিপুল এলাকা ভেঙে ছোট ছোট দ্বীপে পরিণত হতো।’
বঙ্গবন্ধুর ওই বক্তৃতা উদ্ধৃত করে সুলতানা কামাল বলেন, কিন্তু বঙ্গবন্ধুর কন্যা তাঁর পিতার সুন্দরবন নিয়ে কথা শুনছেন না। আমরাও জাতির পিতার সন্তান, তাই আমাদের দায়িত্ব রয়েছে পিতার এক কন্যা যদি কথা না শোনেন, তাঁকে তা শোনানো।