রামপাল বাতিলের লংমার্চে ১২ বিশিষ্ট নাগরিকের সংহতি
সুন্দরবনের পাশে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবিতে শুরু হওয়া লংমার্চে ১২ জন বিশিষ্ট নাগরিক সংহতি জানিয়েছেন। ওই প্রকল্পটিকে আত্মঘাতী সিদ্ধান্ত হিসেবে চিহ্নিত করেছেন ওই বিশিষ্ট নাগরিকেরা। তাঁরা মারাত্মক দূষণকারী একটি প্রতিষ্ঠান গড়ে তোলার সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসারও আহ্বান জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাঁরা এই সমর্থন জানান। যাঁরা সংহতি প্রকাশ করেছেন তাঁরা হলেন, অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, সাবেক উপদেষ্টা এম. হাফিজ উদ্দিন খান, অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, অ্যাকশন এইড বাংলাদেশের দেশীয় পরিচালক ফারাহ কবির, আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক সুলতানা কামাল, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী রিজওয়ানা হাসান, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক এম এ মতিন, পরিবেশ বাঁচাও (পবা) আন্দোলনের আবু নাসের, প্রিপট্রাস্টের আরমা দত্ত, নিজেরা করির নির্বাহী পরিচালক খুশী কবির, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির লংমার্চটি ঢাকা থেকে ২৪ সেপ্টেম্বর রওনা হয়ে আগামীকাল রামপালে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। বাগেরহাটের রামপাল উপজেলায় প্রস্তাবিত বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে এক হাজার ৩২০ মেগাওয়াটের কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র প্রকল্পটিকে আত্মঘাতী সিদ্ধান্ত হিসেবে চিহ্নিত করেছেন ওই বিশিষ্ট নাগরিকেরা। বিবৃতিতে বিশ্বঐতিহ্য সুন্দরবনের মতো একটি নাজুক পরিবেশগত ব্যবস্থার পাশে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের মতো মারাত্মক দূষণকারী একটি প্রতিষ্ঠান গড়ে তোলার সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসারও আহ্বান জানিয়েছেন তাঁরা।
সুন্দরবনের পাশে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত বাস্তবায়ন রোধে জনমত গড়ে তুলতে লংমার্চ আয়োজনকে সমর্থন জানিয়ে ওই ১২ বিশিষ্ট নাগরিক আইন প্রয়োগকারী সংস্থা ও প্রশাসনসহ সরকারের সংশ্লিষ্ট মহলের কাছে শান্তিপূর্ণভাবে লংমার্চ পালনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে লংমার্চের আবেদন উপেক্ষা করে আগামী ২২ অক্টোবর রামপাল কয়লা বিদ্যুৎকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপনের যে ঘোষণা জ্বালানি উপদেষ্টা দিয়েছেন, তা জনমত অবজ্ঞার শামিল এবং অত্যন্ত অগণতান্ত্রিক হিসেবে মন্তব্য করেছেন ওই নাগরিকেরা।