রামপাল বিদুৎকেন্দ্রে পরিবেশের ক্ষতি হবে না: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রামপাল বিদ্যুৎকেন্দ্রের কারণে পরিবেশের কোনো ক্ষতি হবে না। আজ বুধবার সংসদে নির্ধারিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
এর আগে বিকেল পৌনে পাঁচটার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।
রামপাল বিদ্যুৎকেন্দ্র সম্পর্কে জাতীয় পার্টির মুজিবুল হকের সম্পূরক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, পরিবেশের ক্ষতি হয়, এ রকম কোনো কাজ সরকার করবে না। তিনি আরও বলেন, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের কারণে পরিবেশ নষ্ট হয়ে যাবে, তা ঠিক কথা নয়। দিনাজপুরে বড়পুকুরিয়ায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এখন চলছে। সেখানে পরিবেশের কোনো ক্ষতি হয়নি।
প্রধানমন্ত্রী এ সময় বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের আশেপাশের এলাকার স্থিরচিত্র দেখিয়ে বলেন, ‘এখানে জলাধার, সবুজ বেষ্টনী, গাছপালা ও ধানখেত আছে। কিছুই নষ্ট হয়নি। বিদেশেও এমন অনেক বিদ্যুৎকেন্দ্র আছে। কিন্তু কোনো রকম ক্ষতির নজির নেই।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘ভারতে এক লাখ ৮৬ হাজার মেগাওয়াট উৎপাদনের ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্র আছে। সেখানে পরিবেশের কোনো ক্ষতি হয়নি।’ এ সময় শেখ হাসিনা ছবি তুলে ধরে বলেন, ‘আমার মুখের কথা নয়। এখানে ছবি দেখাচ্ছি। ছবি কথা বলে। এখানে শুধু মানুষের নয়, বাঘেরও আস্তানাও আছে।’