রামপাল বিদ্যুৎ প্রকল্প বন্ধের দাবি
রামপালে কয়লাভিত্তিক যে বিদ্যুৎকেন্দ্র তৈরি করা হচ্ছে সেটিকে প্রকৃতিবিনাশী আখ্যা দিয়ে এর নির্মাণকাজ বন্ধের দাবি করেছেন নাগরিক সমাজের কয়েকজন। গতকাল শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রকল্পটির উদ্বোধন করা থেকে বিরত থাকতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবিও করেন তাঁরা।
আলোচনায় লেখক, সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ বলেন, বিদ্যুৎকেন্দ্র আমরা চাই। কিন্তু যেখানে এটি করার কথা হচ্ছে,
তা করা হলে সুন্দরবন
হয়ে যাবে অ-সুন্দরবন। যেখানে দেশের বিজ্ঞানীরা এটা বিরোধিতা করছেন, সেখানে এটি নির্মাণের প্রচেষ্টা সম্পূর্ণ জাতীয় স্বার্থবিরোধী।
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য পড়েন সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আবদুল মতিন। তিনি বলেন, এই বিদ্যুৎকেন্দ্র কোনোভাবেই জনগণের স্বার্থ রক্ষা হবে না।
আবদুল মতিন বলেন, ‘আমরা এই প্রকল্পের বিরোধিতা করছি না, আমরা শুধু এই স্থানটি বিবেচনার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।’
অধ্যাপক বদিউল আলম মজুমদার বলেন, সরকার জনগণের মতামত ও স্বার্থকে উপেক্ষা করছে। গণতান্ত্রিক সরকারের কাছে আমরা এটি আশা করি না।
শুধু রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র বন্ধ নয়, সুন্দরবন ধ্বংসকারী সব কার্যক্রম অবিলম্বে বন্ধ করা হোক, আলোচনায় এই দাবি করেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান।
রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র বিষয়ে সর্বশেষ পরিবেশগত প্রভাব নিরূপণ প্রতিবেদন ও চুক্তির বিস্তারিত তথ্য জনসম্মুখে প্রকাশ করার দাবি জানান সৈয়দা রিজওয়ানা হাসান।
দেশের স্বার্থের কথা চিন্তা না করে একটি বিশেষ মহলের স্বার্থ রক্ষার জন্য সুন্দরবন ধ্বংসের এ কাজ চলছে, এই অভিযোগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল।
সভায় সরকারি-বেসরকারি, দেশি-বিদেশি বিজ্ঞানী ও পেশাজীবী এবং সামাজিক আন্দোলনের প্রতিনিধিদের সমন্বয়ে একটি নির্মোহ আলোচনার মাধ্যমে এই প্রকল্প সমীক্ষা প্রতিবেদন মূল্যায়ন করার দাবি করা হয়। বিজ্ঞপ্তি।