রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলসহ ১৩ দফা দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলসহ ১৩ দফা দাবিতে মানববন্ধন করেছে বাগেরহাট জেলা কৃষক সমিতি। বাগেরহাট-খুলনা সড়কের নতুন কোর্টের সামনে গতকাল বৃহস্পতিবার দুপুরে এ কর্মসূচি পালিত হয়। পরে তারা জেলা প্রশাসক মু. শুকুর আলীর কাছে স্মারকলিপি দেয়।
তাদের উল্লেখযোগ্য দাবিগুলো হলো রামপালের কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্প বাতিল, চিংড়ি রপ্তানিতে সরকারি ভর্তুকিতে কৃষকের ন্যায্য হিস্যা দেওয়া, নদী-খালে বাঁধ দিয়ে মাছ চাষ বন্ধ করা, প্রকৃত কৃষকের কাছ থেকে সরাসরি ফসল কেনা, সার, বীজ, কীটনাশকসহ কৃষি উপকরণের দাম কমানো।
মানববন্ধনে বক্তব্য দেন কৃষক সমিতির বাগেরহাট জেলা শাখার সভাপতি কাজী সোহরাব হোসেন, সহসভাপতি খান সেকেন্দার আলী, সাধারণ সম্পাদক অসীম মল্লিক, জেলা সিপিবির সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক ফররুখ হাসান, পৌর সিপিবির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, কৃষিনির্ভর দেশ হওয়ায় এর ওপরই এ দেশের উন্নতি নির্ভর করছে। অথচ যাঁদের রক্ত, ঘাম ও শ্রমের ওপর কৃষি খাত নির্ভর করছে, সেই কৃষক আজ নিপীড়িত ও সুবিধাবঞ্চিত। একদিকে কৃষি উপকরণের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, উন্নত বীজ, সার ও কীটনাশকের অপ্রতুলতা, অন্যদিকে বাজারে উৎপাদিত কৃষি পণ্যের ন্যায্যমূল্য নেই। তাঁরা অবিলম্বে ১৩ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।