রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবি
অসম চুক্তি ও সুন্দরবন ধ্বংসের প্রকল্প হিসেবে রামপাল বিদ্যুৎ প্রকল্পকে চিহ্নিত করে অবিলম্বে প্রকল্পটি বাতিলের দাবি জানিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। পাশাপাশি পিএসসি ১২-এর আওতায় সাগরের গ্যাস ব্লক ইজারা বন্ধ করার দাবি জানায় কমিটি।
গতকাল বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে এসব দাবি জানানো হয়। ঢাকাসহ দেশের বিভাগীয় সদরে সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ হয়। বক্তারা বলেন, দেশে একজন দেশপ্রেমিক মানুষ খুঁজে পাওয়া যাবে না, যিনি সুন্দরবন ধ্বংসের ও অসম চুক্তির রামপাল বিদ্যুৎ প্রকল্পের পক্ষে। অথচ সরকার গোঁয়ার্তুমি করে দেশের স্বার্থ বিকিয়ে দিতে চলেছে।
বক্তারা বলেন, ঢাকার মাওয়া ও খুলনার লবণচোরায় দেশীয় প্রতিষ্ঠানের সঙ্গে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের যে চুক্তি হয়েছে তার থেকে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন খরচ ধরা হয়েছে দ্বিগুণ। পিএসসি ১২-এর বিভিন্ন দিক তুলে ধরে বলেন, এখানে অতীতের তুলনায় দ্বিগুণ দামে গ্যাস কেনা হচ্ছে। আগামী মার্চ মাসে দেশব্যাপী গণসংযোগের কর্মসূচি ঘোষণা করা হয়। শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
শেখ মুহাম্মদ শহীদুল্লার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন অধ্যাপক আনু মুহাম্মদ, রুহিন হোসেন, কল্লোল মোস্তফা, নুরুল হাসান, বজলুর রশীদ, শুভ্রাংশু চক্রবর্তী, জোনায়েদ সাকী প্রমুখ।