রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ন্যাশনাল থার্মাল করপোরেশন (এনটিপিসি) ও পিডিবির যৌথ উদ্যোগে চলমান রামপাল তাপবিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবি জানিয়েছেন বিশিষ্ট কয়েকজন। তাঁরা ভারতীয় এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন।
গতকাল বুধবার এক বিবৃতিতে তাঁরা বলেন, সরকারের অতি উৎসাহী সহযোগিতায় রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপনে এগিয়ে যাচ্ছে এনটিপিসি। তবে ১৩ মার্চ ভারতের ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল কর্ণাটক রাজ্যে এনটিপিসির প্রস্তাবিত একটি বিদ্যুৎকেন্দ্রের পরিবেশ ছাড়পত্র স্থগিত করে দিয়েছে। নানা অনিয়মে এই ছাড়পত্র বাতিল হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতিতে বলা হয়, যেসব গুরুতর অভিযোগের কারণে ভারতের গ্রিন ট্রাইব্যুনাল এনটিপিসির কর্ণাটকের বিদ্যুৎকেন্দ্রের পরিবেশ ছাড়পত্র স্থগিত করেছে, বাংলাদেশের রামপাল বিদ্যুৎকেন্দ্রের ক্ষেত্রে এর চেয়ে গুরুতর প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আছে। কর্ণাটক রাজ্যের ওই প্রকল্পের মতো বাংলাদেশের সুন্দরবনের পাশে রামপাল প্রকল্পের পরিবেশ সমীক্ষার বিরুদ্ধে অনেকগুলো অনিয়ম, তথ্য গোপন, ভুল তথ্য প্রদান, প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আছে। এর পরও রামপাল প্রকল্পটি বাংলাদেশ সরকার সম্প্রতি ‘অগ্রাধিকার’ প্রকল্প হিসেবে নির্ধারণ করেছে।
বাংলাদেশের প্রাকৃতিক রক্ষাবর্ম সুন্দরবন প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণে এমনিতেই বিপর্যস্ত বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। বলা হয়, এই বিপর্যস্ত সুন্দরবনকে রক্ষার প্রকল্প নেওয়ার বদলে উল্টো এনটিপিসির মতো একটি বিতর্কিত ও পরিবেশ বিষয়ে বিপজ্জনক রেকর্ডসম্পন্ন একটি কোম্পানির সঙ্গে যৌথ বিনিয়োগে সুন্দরবনের মাত্র ১৪ কিলোমিটারের মধ্যে রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ নিঃসন্দেহে সুন্দরবন ধ্বংস নিশ্চিত করবে।
বিবৃতিতে স্বাক্ষর করেন শেখ মুহাম্মদ শহীদুল্লাহ, হামিদা হোসেন, মুজাহিদুল ইসলাম সেলিম, অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক এম এম আকাশ, খুশি কবীর, মেঘনা গুহঠাকুরতা, মোহাম্মদ আবদুল মতিন, নাসিম আখতার হোসাইন, সৈয়দ রিজওয়ানা হাসান প্রমুখ। বিজ্ঞপ্তি।