রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামপাল বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাতিল, বাঁশখালী হত্যাকাণ্ডের বিচার এবং নির্যাতন বন্ধ, কম ব্যয়ে-কম ঝুঁকিতে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের দাবিতে গতকাল রোববার সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির নারায়ণগঞ্জ শাখা।
নারায়ণগঞ্জ নগরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, রামপাল প্রকল্প সামনে রেখে একে একে ওরিয়নের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, শিপইয়ার্ড, সাইলো, সিমেন্ট কারখানাসহ বাণিজ্যিক ও দখলদারির তৎপরতা বৃদ্ধি পেয়েছে। সরকারের একগুঁয়েমির কারণে স্থানীয়, জাতীয় ও বিদেশি সব গোষ্ঠী সুন্দরবনবিনাশী তৎপরতায় লিপ্ত হয়েছে। সুন্দরবনকে রক্ষা করার জন্য ‘সুন্দরবন নীতিমালা’ প্রণয়ন ও এর যথাযথ বাস্তবায়ন করতে হবে।
সমাবেশ থেকে জাতীয় সক্ষমতা বিকাশের প্রয়োজনীয় ব্যবস্থাসহ জাতীয় কমিটির ৭ দফা বাস্তবায়নের জন্য বাজেটে প্রয়োজনীয় বরাদ্দেরও দাবি করা হয়।
ওই সমাবেশে সভাপতিত্ব করেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক রফিউর রাব্বী। বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুল ইসলাম, বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাস, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি হাফিজুর রহমান, গণসংহতি আন্দোলনের সংগঠক অঞ্জন দাস, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রমুখ।