রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে চট্টগ্রামে মিছিল
সুন্দরবনের পাশে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবি এবং ঢাকায় ভারতীয় দূতাবাস ঘেরাওকালে পুলিশের বাধার প্রতিবাদে চট্টগ্রাম নগরে মিছিল ও সমাবেশ করেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। গতকাল বৃহস্পতিবার নগরের চেরাগী পাহাড় মোড়ে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, রামপাল প্রকল্পের দ্বিতীয় ইউনিট বাতিলের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে প্রথম ইউনিটও বাতিলযোগ্য। কেবল অহমিকা প্রদর্শন করতেই পুরো রামপাল চুক্তি থেকে সরে আসছে না সরকার। দেশের স্বার্থ না বিদেশি স্বার্থ তা সরকারকেই ঠিক করতে হবে। দমন-পীড়নের পথে গেলে এর মাশুল সরকারকেই দিতে হবে।
কমিটির চট্টগ্রামের সদস্যসচিব প্রকৌশলী দেলোয়ার মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন গণমুক্তি ইউনিয়নের সভাপতি রাজা মিয়া, সিপিবির অমৃত বড়ুয়া, বাসদের (মার্ক্সবাদী) অপু দাশ গুপ্ত, বাসদের মহিনউদ্দিন, গণসংহতি আন্দোলনের হাসান মারুফ, কমিটির সদস্য রাহাতউল্লাহ জাহিদ প্রমুখ।
সমাবেশ শেষে একটি মিছিল নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম প্রেসক্লাব ভবনের সামনে এসে শেষ হয়।