রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন
রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে গতকাল শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গাইবান্ধা শহরের ডিবি রোডের আসাদুজ্জামান মার্কেটের সামনে মানববন্ধন হয়েছে। তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি গাইবান্ধা জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য দেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক শাহাদত হোসেন, যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, সদস্যসচিব কাজী আবু রায়হান, যুগ্ম সদস্যসচিব মোস্তফা মনিরুজ্জামান, সাবেক সদস্যসচিব জিয়াউল হক, জেলা সিপিবির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প পরিবেশ দূষণ করে। এ ধরনের প্রকল্প বাংলাদেশে তৈরি করা উচিত নয়। দেশের উন্নয়ন তথা শিল্পায়নের স্বার্থে বিদ্যুতায়নের বিকল্প নেই। কিন্তু সুন্দরবন থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরে রামপালে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হলে সুন্দরবনের জীববৈচিত্র্য, পরিবেশ ধ্বংস হয়ে যাবে। এ ছাড়া এই প্রকল্পের মধ্য দিয়ে দেশের অর্থনীতিতে ভারতীয় আধিপত্যের প্রবেশ ঘটবে। বক্তারা তাপবিদ্যুৎকেন্দ্র রামপাল থেকে ২৫ কিলোমিটার দূরে খুলনার বটিয়াঘাটা বা অন্য কোনো স্থানে করার দাবি জানান।