রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে সমাবেশ

রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিল ও সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ রক্ষার দাবিতে ফরিদপুরে মিছিল ও সমাবেশ করেছে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় সমন্বয় কমিটির ফরিদপুর শাখা।
গতকাল সোমবার বেলা ১১টার দিকে শহরের জনতা ব্যাংকের মোড়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন কমিটির ফরিদপুর শাখার সভাপতি রমেন্দ্রনাথ রায় কর্মকার। বক্তব্য দেন সদস্য রফিকুজ্জামান, আবদুর রহমান, অরুণ কুমার শীল, আশীষ রায়, তাহমিনা আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, সরকার বহুজাতিক কোম্পানির খপ্পরে পড়ে সুন্দরবনসংলগ্ন রামপালে বিদ্যুৎকেন্দ্র করার সিদ্ধান্ত নিয়েছে। এ কেন্দ্র চালু হলে সুন্দরবনের পরিবেশ নষ্টসহ বন ধ্বংস হয়ে যাবে।
সম্প্রতি সুন্দরবনে তেলভর্তি জাহাজডুবির ঘটনায় পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা প্রকাশ করে তাঁরা সুন্দবনের প্রকৃতিক সম্পদ লুট বন্ধ করার ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
রমেন্দ্রনাথ রায় কর্মকার বলেন, সুন্দরবনকে রক্ষা করতে সরকারের উচিত দ্রুত পদক্ষেপ নেওয়া। প্রয়োজনে বিদেশিদের সহযোগিতা নেওয়া যেতে পারে।