রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে সাইকেল র্যা লি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের পাশে রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে চট্টগ্রাম নগরে সাইকেল শোভাযাত্রা করেছে যুব ইউনিয়ন। গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন তেল-গ্যাস-খনিজ সম্পদ, বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটির চট্টগ্রাম শাখার সদস্যসচিব প্রকৌশলী দেলোয়ার মজুমদার।
সুন্দরবন রক্ষায় বিভিন্ন স্লোগান লেখা পোস্টার বহন করেন সাইকেল শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা। শোভাযাত্রাটি নগরের বিভিন্ন সড়ক ঘুরে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।
শোভাযাত্রা উদ্বোধনের আগে আলোচনা সভায় বক্তারা বলেন, সুন্দরবনের কোনো বিকল্প নেই। দেশের স্বার্থ জলাঞ্জলি সরকার ভারতের স্বার্থ রক্ষায় রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপনের চেষ্টা চালাচ্ছে বলে তাঁরা অভিযোগ করেন। তাঁরা বলেন, দেশের জনগণ কোনোভাবেই সুন্দরবন ধ্বংসের এ চক্রান্ত বাস্তবায়ন করতে দেবে না। দেশি-বিদেশি পরিবেশবিদ, ইউনেসকোসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার আপত্তি সত্ত্বেও সরকার জাতীয় স্বার্থবিরোধী রামপাল বিদ্যুৎকেন্দ্র গড়ার দিকে এগিয়ে যাচ্ছে। এতে সুন্দরবন ধ্বংস হবে। সুন্দরবনবিনাশী রামপাল বিদ্যুৎকেন্দ্র থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানান তাঁরা।
যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলার সহসভাপতি শ্যামল ধরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন অধ্যাপক অশোক সাহা, সংগঠক রাহাত উল্লাহ, যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক উজ্জ্বল শিকদার, সহসাধারণ সম্পাদক প্রীতম সাহা, তসলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জাবেদ চৌধুরী প্রমুখ।