রামপাল বিদ্যুৎ প্রকল্পে জমির ইজারাতেও ছাড়
প্রতি একর ৬০ হাজার টাকায় রামপাল বিদ্যুৎকেন্দ্রের জন্য ৯১২ একর ভূমি ইজারা দেওয়া হয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, এই মূল্য বাজারদরের চেয়ে কম।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও বাংলাদেশ-ভারত মৈত্রী কোম্পানির (বিআইএফপিসিএল) মধ্যে ২৫ বছরের জন্য ওই ইজারা চুক্তি হয়েছে। গত ১৩ ডিসেম্বর সম্পাদিত ওই চুক্তি অনুযায়ী প্রতি তিন বছর পর ১০ শতাংশ হারে ওই ইজারামূল্য বাড়বে।
অন্যদিকে রামপাল প্রকল্পের জন্য ১৮০ কোটি ডলারের ঋণ চুক্তিও চলতি মাসের মধ্যে সম্পাদনের পরিকল্পনা নিয়েছে পিডিবি। ভারতের এক্সিম ব্যাংক তাদের ওয়েবসাইটে ওই ঋণ দেওয়ার পরিকল্পনার তথ্য প্রকাশ করেছে। তবে বিআইএফপিসিএলের একটি সূত্র জানিয়েছে, ঋণের শর্ত নিয়ে সরকারের সঙ্গে এক্সিম ব্যাংকের এখনো সমঝোতা চূড়ান্ত হয়নি। তা হতে আরও দুই থেকে তিন মাস লাগতে পারে। ফলে চুক্তি হতে আরও কমপক্ষে দুই মাস সময় লাগতে পারে।
পিডিবির প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ২০১৬ সালের মধ্যে প্রকল্পের নির্মাণকাজ শুরু করার কথা ছিল। উৎপাদনে যাওয়ার কথা ২০১৮-এর ডিসেম্বরের মধ্যে। ভারতের এক্সিম ব্যাংকের সঙ্গে ঋণ চুক্তি হওয়ার কথা ছিল গত বছরের আগস্ট-সেপ্টেম্বরের মধ্যে।
জমির ইজারামূল্য প্রসঙ্গে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) প্রফেসরিয়াল ফেলো ড. এম আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, বিশ্বের অন্যতম সমৃদ্ধ জীববৈচিত্র্যপূর্ণ এলাকা সুন্দরবনের পাশের জমির আর্থিক মূল্যের চেয়ে পরিবেশগত মূল্য অনেক বেশি। তবে এই এলাকায় এক একর জমিতে মাছ ও ধান মিলিয়ে বছরে কমপক্ষে ১ লাখ টাকা আয় হয়। ফলে বছরে ৬০ হাজার টাকা ইজারামূল্য নির্ধারণকে ‘কম’ হিসেবে চিহ্নিত করেন তিনি।
জানা গেছে, রামপালের পার্শ্ববর্তী মোংলা বন্দর শিল্প এলাকায় বর্তমানে শিল্প প্লট ইজারা দেওয়া হচ্ছে। মোংলা বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বর্তমানে সরকারি প্রতিষ্ঠানগুলোর জন্য প্রতি একর জমি ৩০ বছরের জন্য ৪০ লাখ টাকা এককালীন ইজারা মূল্য নেওয়া হচ্ছে। এ ছাড়া বছরে একরপ্রতি ৫৬ হাজার টাকা দিতে হয়। বেসরকারি বাণিজ্যিক ও শিল্পপ্রতিষ্ঠানগুলোকে মূলত দরপত্রের মাধ্যমে ভূমির ইজারা দেওয়া হচ্ছে। গত বছরের ডিসেম্বরে দুটি প্রতিষ্ঠান ৫১ ও ৫৯ লাখ টাকায় প্রতি একর ভূমি ৩০ বছরের জন্য ইজারা পেয়েছে। রামপাল ভূমি রেজিস্ট্রেশন কার্যালয় সূত্রে জানা গেছে, রামপাল প্রকল্পের জন্য প্রতি একর জমি ৩৬ লাখ টাকায় কেনা হয়। বর্তমানে ওই এলাকায় প্রতি একর জমি ৪০ লাখ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে জাতিসংঘের বিজ্ঞান, শিক্ষা ও ঐতিহ্যবিষয়ক সংস্থা ইউনেসকো সম্প্রতি তাদের ওয়েবসাইটে রামপাল প্রকল্প বাতিল চেয়ে তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে। তারা আগামী ২ থেকে ১২ জুলাই পোল্যান্ডের ক্রাকো শহরে অনুষ্ঠেয় বিশ্ব ঐতিহ্য কমিটির ৪১তম সভায় সুন্দরবনসহ বেশ কয়েকটি বিশ্ব ঐতিহ্যকে বিপদাপন্ন বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে কি না, সেই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে। বাংলাদেশ সরকার গত ডিসেম্বরের প্রথম সপ্তাহে সুন্দরবন রক্ষা ও রামপাল প্রকল্প বিষয়ে তাদের উদ্যোগের কথা জানিয়ে একটি প্রতিবেদন পাঠিয়েছে। বিশ্ব ঐতিহ্য কমিশন ওই প্রতিবেদন মূল্যায়ন করে তাদের সিদ্ধান্ত নেবে।
ইউনেসকো ছাড়াও রামপাল প্রকল্পের এসব অগ্রগতির ব্যাপারে আপত্তি তুলেছেন পরিবেশবাদীরা। তাঁরা বলছেন, রামপাল প্রকল্পের ভূমি অধিগ্রহণ থেকে শুরু করে সাম্প্রতিক ইজারা চুক্তি—সবকিছুই অস্বচ্ছভাবে করা হচ্ছে। ইউনেসকো রামপাল প্রকল্প বাতিলের জন্য যে সুপারিশ করেছে, তা না মেনে সরকার উল্টো প্রকল্পের কাজ এগিয়ে নিচ্ছে, যা বিশ্বের সর্ববৃহৎ এই ম্যানগ্রোভ বনের অস্তিত্বের জন্য হুমকি ও আর্থিকভাবে আত্মঘাতী উদ্যোগ।
জানতে চাইলে পিডিবির চেয়ারম্যান খালেদ মাহমুদ প্রথম আলোকে বলেন, অন্যান্য বিদ্যুৎ প্রকল্পের জন্য দেওয়া ভূমি ইজারার সঙ্গে সংগতি রেখেই রামপাল প্রকল্পের ইজারামূল্য নির্ধারণ করা হয়েছে। ইউনেসকোর আপত্তি সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেন, ‘আমরা ইউনেসকোকে দুই দফা জবাব দিয়েছি। বিশ্বের সর্বাধুনিক আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করা হবে। ফলে এতে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না। আশা করি তারা রামপাল প্রকল্পের কারণে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের তালিকা থেকে বাদ দেবে না।’
তবে সরকার থেকে রামপাল প্রকল্পে বিশ্বের সর্বাধুনিক আলট্রা সুপার প্রযুক্তি ব্যবহারের ঘোষণা দেওয়া হলেও প্রকল্পের অর্থায়নকারী সংস্থা ভারতের এক্সিম ব্যাংকের তথ্য বলছে ভিন্ন কথা। সম্প্রতি ভারতের রাষ্ট্রীয় এই আর্থিক প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইটে ২০১৬ থেকে ২০১৭ পর্যন্ত তাদের আর্থিক বিনিয়োগ পরিকল্পনা প্রকাশ করেছে। তাতে তারা বলেছে, ভারতের বিদ্যুৎ উৎপাদনের রাষ্ট্রীয় সংস্থা ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশন (এনটিপিসি) রামপাল প্রকল্প নির্মাণের কাজ করছে। তারা ভারতের বাইরে বাংলাদেশে প্রথমবারের মতো সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সঙ্গে যুক্ত হচ্ছে।
জ্বালানি বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বদরুল ইমাম এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, রামপাল প্রকল্প নিয়ে সরকারের তরফ থেকে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য দেওয়া হচ্ছে। সেখানে সুপার ক্রিটিক্যাল, না আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহৃত হবে, তা নিয়ে সরকার ও কোম্পানি থেকে দুই ধরনের তথ্য দেওয়া হচ্ছে। সরকারের উচিত হবে জাতিসংঘসহ দেশ-বিদেশের পরিবেশবাদীদের আশঙ্কা আমলে নিয়ে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের পরিকল্পনা থেকে সরে আসা।
রামপালে কয়লার বদলে সৌরবিদ্যুৎকেন্দ্র করার প্রস্তাব দিয়ে বদরুল ইমাম বলেন, রামপাল প্রকল্পের ভারতীয় অংশীদার এনটিপিসি শ্রীলঙ্কায় একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র করার উদ্যোগ নিয়েছিল। দেশটির উচ্চ আদালত পরিবেশের ক্ষতি হতে পারে, এই আশঙ্কায় ওই প্রকল্প না করার জন্য শ্রীলঙ্কা সরকারকে নির্দেশ দিয়েছেন। তারা এখন সেখানে এনটিপিসির সহায়তায় সৌরবিদ্যুৎকেন্দ্র করছে। বাংলাদেশও ওই একই পথে যেতে পারে।
ভূমি ইজারা চুক্তিতে কী আছে
এর আগে পিডিবি বিআইএফপিসিএলের সঙ্গে ২৫ বছরের বিদ্যুৎ কেনার চুক্তি করে। ওই চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে ভূমি ইজারা চুক্তি করা হয়েছে। বিদ্যুৎ কেনার চুক্তির মেয়াদ বাড়লে ভূমির ইজারার মেয়াদও বাড়বে। চুক্তির শর্ত অনুযায়ী ওই জমিতে বিদ্যুৎকেন্দ্র ছাড়া অন্য কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না।
অবকাঠামো নির্মাণের অগ্রগতি
বিআইএফপিসিএল দাবি করেছে, তারা ইতিমধ্যে প্রকল্পে ২৫০ কোটি টাকা ব্যয় করে ফেলেছে। প্রকল্পের ৯১২ একর জমির ৪২৫ একর ভরাট করা হয়েছে। আবাসিক ভবন, গুদাম ও অস্থায়ী কার্যালয় নির্মাণ করা হয়েছে। ৩ দশমিক ৮ কিলোমিটার সড়ক নির্মাণ করা হয়েছে। প্রকল্পের কর্মচারীদের জন্য পানির প্ল্যান্ট নির্মাণ করা হয়েছে।
গত ১২ জুলাই ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেডের (ভেল) সঙ্গে প্রকল্পের নির্মাণ চুক্তি হয়। এর ৩০ শতাংশ বিনিয়োগ করবে উদ্যোক্তা কোম্পানি ও বাকি ৭০ শতাংশ ঋণ হিসেবে নেওয়া হবে। পৌনে ২ শতাংশ সুদে ওই ঋণ নেওয়া হচ্ছে। গত আগস্ট-সেপ্টেম্বরের মধ্যে ঋণচুক্তি হওয়ার কথা ছিল।
এ ব্যাপারে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ প্রথম আলোকে বলেন, সরকার রামপাল প্রকল্পে এ পর্যন্ত যে অর্থ ও সময় ব্যয় করেছে, তাতেই সুন্দরবনের ক্ষতি শুরু হয়েছে। প্রকল্পের মাটি ভরাটের জন্য তারা সুন্দরবনের নদীগুলো থেকে বালু উত্তোলন করেছে। কয়লার জাহাজ পরিবহনের জন্য তারা নদী খনন করেছে। তাতেই এর জলজ প্রতিবেশব্যবস্থার ক্ষতি শুরু হয়েছে। সরকার থেকে নিয়োগ করা সংস্থা সেন্টার ফর এনভায়রনমেন্ট অ্যান্ড জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সার্ভিসেসের (সিইজিআইএস) পর্যবেক্ষণ প্রতিবেদনেই সেই তথ্য উঠে এসেছে। ফলে সরকারের উচিত আর না এগিয়ে, সুন্দরবনের আর ক্ষতি না করে এখনই প্রকল্পের কাজ বন্ধ করা।