রামপাল বিদ্যুৎ প্ল্যান্ট বাতিল না হলেলংমার্চ
নাইকোর কাছ থেকে ক্ষতিপূরণ আদায় না করে অন্য কোম্পানির কাছে নাইকো বিক্রি ও রেন্টাল-কুইক রেন্টালের নবায়নের প্রক্রিয়া বন্ধের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
সমাবেশ থেকে অবিলম্বে অসম চুক্তি ও সুন্দরবনের কাছে বন ধ্বংসকারী রামপাল বিদ্যুৎ প্ল্যান্ট বাতিল করে উপযুক্ত স্থানে বৃহৎ বিদ্যুৎ প্ল্যান্ট নির্মাণের দাবি জানানো হয়। বলা হয়, রামপাল বিদ্যুৎ প্ল্যান্ট বাতিল না হলে আগামী সেপ্টেম্বরে ঢাকা-রামপাল লংমার্চ অনুষ্ঠিত হবে।
গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ, জ্বালানি বিশেষজ্ঞ প্রকৌশলী বিডি রহমত উল্লাহ, জাতীয় কমিটির সংগঠক রুহিন হোসেন প্রিন্স ও সাইফুল হক বক্তব্য দেন। এ সময় সিদ্দিকুর রহমান, রাগীব আহসান মুন্না, শুভ্রাংশু চক্রবর্তী, মোশরেফা মিশু, রাজেকুজ্জামান রতন, জোনায়েদ সাকী প্রমুখ উপস্থিত ছিলেন।
সমাবেশে নেতারা বলেন, রামপাল বিদ্যুৎ প্ল্যান্টে সুন্দরবন ধ্বংস হবে বিশেষজ্ঞরা এ বিষয়টি বারবার স্পষ্ট করার পরও বাংলাদেশ ও ভারতের সরকার যৌথভাবে ওই প্রকল্প গ্রহণ করে। দুই দেশের জনকল্যাণে এই প্রকল্প বাতিলের সংগ্রামে ঐক্যবদ্ধ হতে হবে। নেতারা আরও বলেন, ‘পিএসসি-২০১২’ সংশোধন করে সরকার বঙ্গোপসাগরের গ্যাসসম্পদ বিদেশি কোম্পানির হাতে যেসব শর্তে তুলে দিচ্ছে, তাতে আমদানি করা দামে গ্যাস কিনতে হবে, পুরো গ্যাসসম্পদ বিদেশি কোম্পানির জিম্মায় চরে যাবে। ফলে জাতীয় ও জ্বালানি নিরাপত্তা দুটোই বিপর্যস্ত হবে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিজ্ঞপ্তি।