জাতীয় কমিটির সংবাদ সম্মেলন
রামপাল বিদ্যুৎকেন্দ্র ও ফুলবাড়ী চুক্তির বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান
দেশের স্বার্থবিরোধী ফুলবাড়ী চুক্তি ও রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র করে সুন্দরবন ধ্বংসের চক্রান্তের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। গতকাল শনিবার সকালে পুরানা পল্টনের মুক্তি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়েছে। সংবাদ সম্মেলনে সূচনা বক্তব্য দেন জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ। লিখিত বক্তব্য পাঠ করেন সদস্যসচিব আনু মুহাম্মদ। এতে বলা হয়, দেশের স্বার্থ নিশ্চিত করে অন্য কোনো উপযুক্ত স্থানে যথাযথ প্রক্রিয়ায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা যেতে পারে। কিন্তু সুন্দরবনকে ধ্বংস করে দেশের স্বার্থবিরোধী রামপাল প্রকল্প দেশবাসী মেনে নেবে না। ওই প্রকল্প বাস্তবায়িত হলে ভারতীয় কোম্পানির লাভ হবে। কিন্তু বাংলাদেশের সর্বশেষ প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যূহ ও বিশ্ব ঐতিহ্য সুন্দরবন ধ্বংস হবে।উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন সম্পর্কে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের একটি বক্তব্য উদ্ধৃত করে সংবাদ সম্মেলনে বলা হয়, ওই বক্তব্যকে নিছক নির্দোষ ‘উত্তোলন পদ্ধতি’ বিষয়ক বক্তব্য হিসেবে দেখা যায় না। ওই বক্তব্য দেশের কয়লাসম্পদ নিয়ে বেআইনিভাবে এশিয়া এনার্জির আর্থিক জালিয়াতিপূর্ণ শেয়ার ব্যবসা ও ধ্বংসাত্মক প্রকল্পে সহায়তা করার উদ্দেশ্যে দেওয়া। প্রধানমন্ত্রী ওই প্রকল্প বাতিলের জন্য অঙ্গীকারবদ্ধ।লেখক ও সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ এ সময় বলেন, নির্বাচনে জয়লাভ করার স্বার্থে মহাজোট সরকার যেন জাতীয় স্বার্থ ও জাতীয় সম্পদ বিসর্জন না দেয়। দেশ থাকলে, গণতন্ত্র থাকলে নির্বাচন বারবার হবে। জাতীয় সম্পদ হাতছাড়া হয়ে গেলে তা আর কোনো দিন ফিরে আসবে না।সংবাদ সম্মেলনে ২৯ মার্চের মধ্যে এশিয়া এনার্জির সব অপতৎপরতা বন্ধ করে দেশ থেকে বহিষ্কার, সব চিহ্ন অপসারণসহ ফুলবাড়ী চুক্তিসহ জাতীয় কমিটির সাত দফা বাস্তবায়নের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের ধারায় আসার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। দেশের বর্তমান পরিস্থিতিতে রামপাল লং মার্চ স্থগিত ঘোষণা করা হয়। জাতীয় কমিটির নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।