রামপাল বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু করার জন্য চুক্তি (নোটিশ অব প্রোসিড অ্যাগ্রিমেন্ট) সই হয়েছে। বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল) ও ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেডের (বিএইচইএল) মধ্যে গত সোমবার ঢাকায় বিদ্যুৎ ভবনে এই চুক্তি সই হয়।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সূত্র বলেছে, চুক্তি অনুযায়ী ওই দিন (২৪ এপ্রিল) থেকে পরবর্তী ৪১ মাসের মধ্যে বিদ্যুৎকেন্দ্রটির ৬৬০ মেগাওয়াট ক্ষমতার প্রথম ইউনিট পরীক্ষামূলকভাবে চালু করতে হবে। সে হিসাবে ২০২০ সালের সেপ্টেম্বরে এটি চালু হবে। একই ক্ষমতার দ্বিতীয় ইউনিট চালু হবে এর ছয় মাস পর। প্রথম ইউনিটে বাণিজ্যিক উৎপাদন শুরু হবে নোটিশ অব প্রোসিড অ্যাগ্রিমেন্টের ৪৬ মাসের মাথায়। অর্থাৎ ২০২১ সালের ফেব্রুয়ারিতে। দ্বিতীয় ইউনিটে বাণিজ্যিক উৎপাদন শুরু হবে ২০২১ সালের আগস্টে।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ প্রথম আলোকে বলেন, এখন ‘নোটিশ অব প্রোসিড অ্যাগ্রিমেন্ট’-এর সময়সূচি অনুযায়ী বিদ্যুৎকেন্দ্রটির নির্মাণকাজ চলবে।
এর আগে ১০ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় ভারতের এক্সপোর্ট ইমপোর্ট (এক্সিম) ব্যাংকের সঙ্গে চূড়ান্ত ঋণ চুক্তি সই হয়। ব্যাংকটি এই প্রকল্পের নির্মাণ ঠিকাদার ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেডকে ১৬০ কোটি মার্কিন ডলার (প্রায় ১৩ হাজার কোটি টাকা) ঋণ দেবে।
সংশ্লিষ্ট সূত্র বলেছে, রামপাল বিদ্যুৎ প্রকল্পটি সরকারের বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত ‘ফার্স্ট ট্র্যাক’ প্রকল্পের অন্যতম। সরকারের পরিকল্পনা অনুযায়ী ২০১৯ সালের মধ্যে প্রকল্পটির বাস্তবায়ন শেষ হওয়ার কথা। কিন্তু দেশ-বিদেশের পরিবেশবাদী ও সুশীল সমাজের অনেক সংগঠন প্রকল্পটিকে সুন্দরবন ধ্বংসকারী হিসেবে অভিহিত করে এর বাস্তবায়নে বিরোধিতা শুরু করলে প্রকল্পের কাজের স্বাভাবিক অগ্রগতি ব্যাহত হয়। ফলে প্রকল্পের বাস্তবায়নও বিলম্বিত হয়।