রামপাল বিদ্যুৎকেন্দ্র চুক্তি বাতিলের দাবি
সুন্দরবনের জীববৈচিত্র্য ও পরিবেশ সুরক্ষায় রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের অবকাঠামোগত উন্নয়ন চুক্তি বাতিলের দাবি জানিয়েছে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির খুলনা জেলা শাখা। সেই সঙ্গে সুন্দরবনের পাশে প্রস্তাবিত ওরিয়ন গ্রুপের বিদ্যুৎ প্রকল্পসহ বনের জন্য ক্ষতিকর সব ধরনের অবকাঠামো নির্মাণ কার্যক্রম বন্ধেরও দাবি জানান সংগঠনের নেতারা।
আজ শুক্রবার দুপুরে খুলনার পৌর শপিং মার্কেটে সুন্দরবন রক্ষা জেলা কমিটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান কমিটির সদস্যসচিব বাবুল হাওলাদার।
এতে বলা হয়, সুন্দরবনের মাত্র চার কিলোমিটারের মধ্যে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র নির্মিত হলে গ্যাস ও রাসায়নিক বর্জ্যে বনের গাছপালা, পশুপাখি, জলজ প্রাণীসহ অন্যান্য জীববৈচিত্র্য ধ্বংস হবে। জলবায়ু পরিবর্তনজনিত সংকট, বিশেষ করে ক্রমবর্ধমান সাইক্লোনজনিত ধ্বংসলীলায় চারণভূমিতে পরিণত হবে এ বন। এ ধরনের আশঙ্কার মধ্যেও এ চুক্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সুন্দরবন ধ্বংস করে রামপাল বিদ্যুৎ প্রকল্প নির্মাণ প্রশ্নে সরকারের অনমনীয় ও অযৌক্তিক অবস্থান সারা বিশ্বের সচেতন ও যুক্তিবাদী মানুষের জন্য গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে বলে জানানো হয়। সুন্দরবন-সংলগ্ন বাংলাদেশ-ভারত দুই দেশই জাতিসংঘের টেকসই উন্নয়ন চুক্তি স্বাক্ষরকারী। পরিবেশবিনাশী কোনো কর্মকাণ্ডে যেন সুন্দরবন ধ্বংস না হয়, সে বিষয়টি দুই দেশের সরকারকেই বিবেচনা করা উচিত বলে জানান তাঁরা।