সুন্দরবনের জীববৈচিত্র্য ও পরিবেশ সুরক্ষায় রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের অবকাঠামোগত উন্নয়ন চুক্তি বাতিলের দাবি জানিয়েছে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির খুলনা জেলা শাখা। পাশাপাশি সুন্দরবন রক্ষায় বিজ্ঞানসম্মত পরিকল্পনা প্রণয়ন ও তার বাস্তবায়ন, সুন্দরবনের পাশে মংলায় ওরিয়নের প্রস্তাবিত বিদ্যুৎ প্রকল্প ও সুন্দরবনের জন্য ক্ষতিকর সব অবকাঠামো ও কার্যক্রম বন্ধের দাবি জানানো হয়।
গতকাল শুক্রবার খুলনা নগরের লোয়ার যশোর রোডের পৌর শপিং মার্কেটে সুন্দরবন রক্ষা কমিটির জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান কমিটির সদস্যসচিব বাবুল হাওলাদার।
একই দাবিতে ৩০ জুলাই খুলনায় উপকূলীয় সম্মেলনের ঘোষণা দিয়েছে সংগঠনটি। ওই দিন সুন্দরবন উপকূলের ১১টি জেলার পরিবেশবাদীরা খুলনায় সমাবেশের মাধ্যমে সুন্দরবন-বিধ্বংসী সব প্রকল্পের ব্যাপারে অনাস্থা জানাবেন বলে জানান বাবুল হাওলাদার।
লিখিত বক্তব্যে বলা হয়, সুন্দরবনের মাত্র চার কিলোমিটারের মধ্যে কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র নির্মিত হলে তার গ্যাস ও রাসায়নিক বর্জ্যে বনের গাছপালা, তৃণলতা-গুল্ম, পশুপাখি, জলজ প্রাণিসহ জীববৈচিত্র্য ধ্বংস হবে। দু-তিন কোটি মানুষের জীবিকা নষ্ট হবে। জলবায়ু পরিবর্তনজনিত সংকট, বিশেষ করে ক্রমবর্ধমান ঘূর্ণিঝড়জনিত ধ্বংসলীলার চারণভূমিতে পরিণত হবে এই বন।
বাংলাদেশের পরিবেশ ও বন সংরক্ষণের ইতিহাসে ১২ জুলাই এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার দিনটি কলঙ্কজনক ও দুঃখের উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলা হয়, এরই মধ্যে দেশ প্রায় ১৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করেছে। আরও ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন-সক্ষমতার জন্য সরকার কাজ করছে। তাই সুন্দরবন ধ্বংস করে মাত্র ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য চুক্তি সই করা অপ্রয়োজনীয় ও অযৌক্তিক। আরও বলা হয়, সুন্দরবন ধ্বংস করে রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রশ্নে দুই দেশের সরকারের অনমনীয় ও অযৌক্তিক অবস্থান সারা বিশ্বের সচেতন ও যুক্তিবাদী মানুষের জন্য একটি গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। দুটি দেশই জাতিসংঘের টেকসই উন্নয়ন চুক্তি স্বাক্ষরকারী। পরিবেশবিনাশী কোনো কর্মকাণ্ডে যেন সুন্দরবন ধ্বংস না হয় সে বিষয়টি দুই দেশের সরকারকেই বিবেচনা করা উচিত।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কমিটির আহ্বায়ক এস এম শাহনওয়াজ আলী, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ সাদী ভূঁঞা প্রমুখ।