রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের মূল অবকাঠামো নির্মাণ চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন করেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির মানিকগঞ্জ জেলা শাখা। ‘বিদ্যুৎকেন্দ্রের বিকল্প আছে, সুন্দরবনের বিকল্প নেই’ প্রতিপাদ্য নিয়ে গতকাল বুধবার মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বেলা ১১টায় ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা শাখার সভাপতি আজাহারুল ইসলাম বলেন, জনমত, পরিবেশবিদ, জ্বালানি বিশেষজ্ঞ, দেশপ্রেমিক, প্রগতিশীল রাজনীতিবিদ ও গবেষকদের মতামত উপেক্ষা করে বর্তমান সরকার দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতের এনটিপিসির সঙ্গে ১২ জুলাই রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তি পাকাপোক্ত করে। চার-পাঁচ বছর ধরে বামপন্থী প্রগতিশীল দেশপ্রেমিক জনতাকে নিয়ে এ ধরনের চুক্তি না করার দাবিতে সভা, সমাবেশ, মানববন্ধন, বিক্ষোভ মিছিল, লংমার্চসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে কমিটি। দেশের স্বার্থে এ চুক্তির বিপক্ষে জনমত গড়ে উঠেছে। দেশে যখন জঙ্গিবাদের আতঙ্ক চলছে, তখন সাধারণ জনগণ ও সচেতন মহলের বৃহৎ অংশকে পাশ কাটিয়ে এ চুক্তি সম্পন্ন করাটা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা ছাড়া কী হতে পারে? তিনি অবিলম্বে এ চুক্তি বাতিল ও বিকল্প জ্বালানি শক্তির ব্যবহার বাড়ানোর দাবি জানান।
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির জেলার আহ্বায়ক ইকবাল হোসেন বলেন, বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবনের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে বিবেচিত এ সর্বনাশা সিদ্ধান্তে দেশ ও সারা বিশ্বের পরিবেশবাদীরা হতবাক। এ প্রকল্প সুন্দরবন ধ্বংসের মাধ্যমে বাংলাদেশ ও বিশ্বের অপূরণীয় ক্ষতি করবে। তারপরও সরকার সব জনমত ও বিশেষজ্ঞের মত উপেক্ষা করে দেশের স্বার্থবিরোধী চুক্তি সম্পন্ন করল।
কর্মসূচি চলাকালে অন্যদের মধ্যে বক্তব্য দেন কৃষক সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি এম আর লিটন, শিবালয় উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি শাহিনুর রহমান প্রমুখ।