রামপাল বিদ্যুৎকেন্দ্র তৈরির উদ্যোগ বন্ধের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র তৈরির উদ্যোগ বন্ধের জন্য সরকারের প্রতি আবারও আহ্বান জানাল পরিবেশবাদী সংগঠনগুলো। তাদের দাবি, এ উদ্যোগ জনবিরোধী, পরিবেশবিনাশী ও বনবিরোধী।
‘সুন্দরবন দিবস’ উপলক্ষে গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশ ও শোভাযাত্রায় এ দাবি করা হয়। বাংলাদেশ পরিবেশ আন্দোলনসহ (বাপা) ছয়টি সংগঠন এর আয়োজন করে। এক যুগ ধরে মূলত বেসরকারি পর্যায়ে ‘সুন্দরবন দিবস’ পালিত হয়ে আসছে।
গতকালের সমাবেশে বক্তাদের প্রায় সবার আলোচনায় ঘুরেফিরে আসে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রসঙ্গ। এখনো এ বিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ থেকে সরে না আসার জন্য সরকারের সমালোচনা করেন তাঁরা। তাঁদের দাবি, এ প্রকল্প হলে বাংলাদেশের কোনো লাভ হবে না। সরকার অন্যের স্বার্থে এ প্রকল্প করছে। দেশের জন্য অপেক্ষা করছে সুন্দরবনসহ সার্বিক ধ্বংস।
সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক শহিদুল ইসলাম বলেন, সুন্দরবন কেবল একটি বন নয়, প্রকৃতির রক্ষাকবচ। কোনো উন্নয়ন প্রকল্পের নামে এর ধ্বংস মেনে নেওয়া যায় না।
বাপার সাধারণ সম্পাদক আবদুল মতিন রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগসহ সুন্দরবনের ভেতরে এবং চারপাশের সব স্থপনা নির্মাণ বন্ধ, পর্যটক সীমিত করা, চিংড়ি চাষ বন্ধ, বননির্ভর জনগোষ্ঠীর বিকল্প জীবিকার ব্যবস্থাসহ আট দফা দাবি তুলে ধরেন।
রামপাল বিদ্যুৎকেন্দ্রের নামে সরকার বিদেশি স্বার্থ রক্ষায় উঠেপড়ে লেগেছে বলে মন্তব্য করেন গ্রিন ভয়েসের প্রধান সমন্বয়ক আলমগীর হোসেন।
সমাবেশে আরও বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি, বাগেরহাট ডেভেলপমেন্ট কমিটির জাকির হোসেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিনিধি মহুয়া রউফ প্রমুখ। সমাবেশ শেষে একটি শোভাযাত্রা প্রেসক্লাব থেকে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এখানে সমাপনী বক্তব্য দেন সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম।
সাতক্ষীরা: সাতক্ষীরা থেকে নিজস্ব প্রতিবেদক জানান, দিবসটি উপলক্ষে বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জ গতকাল সকালে জেলার শ্যামনগরের বুড়িগোয়ালিনী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভার আয়োজন করে।
পশ্চিম সুন্দরবনের সহকারী বন সংরক্ষক কেরামত আলী মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ এস এম জগলুল হায়দার। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি আকবর কবীর, উপজেলা কৃষি কর্মকর্তা আলী হোসেন, বুড়িগোয়ালিনী ইউপির চেয়ারম্যান মো. নজরুল ইসলাম প্রমুখ।