রামপাল বিদ্যুৎকেন্দ্র চান নাকি সুন্দরবন—বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মতামত যাচাই করতে প্রতীকী গণভোটের আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে প্রতীকী এই গণভোটের উদ্বোধন করেন ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সত্যজিৎ বিশ্বাস। ২৪ জানুয়ারি রায় ঘোষণা করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্রফ্রন্টের সহসভাপতি সত্যজিৎ বিশ্বাস বলেন, সুন্দরবন রক্ষার আন্দোলনের অংশ হিসেবে প্রতীকী গণভোটের আয়োজন করা হয়েছে। সুন্দরবন জাতীয় সম্পদ। শিক্ষার্থীরা জাতীয় এই সম্পদ রক্ষায় নিষ্ক্রিয় হয়ে থাকবে না।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রফ্রন্টের সভাপতি ফজলে রাব্বী বলেন, ‘আমরা যে প্রতীকী ভোটের আয়োজন করেছি তাতে রামপালের পক্ষে-বিপক্ষে মতামত দেওয়ার সুযোগ আছে। আমরা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগে গিয়ে শিক্ষার্থীদের মতামত নেব। ১৯ জানুয়ারি পর্যন্ত ভোট নেওয়া হবে। ২৪ জানুয়ারি প্রতীকী এই গণভোটের রায় দেওয়া হবে।’
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক ফজল হাবিব, সদস্য সোলায়মান তানজিল, আবেদ খন্দকার, জান্নাতুল মাওয়া, সৈয়দ মোহন উদ্দিন প্রমুখ।