রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে পক্ষে-বিপক্ষে মত
বিদ্যুৎ প্রয়োজন কিন্তু সুন্দরবন ধ্বংস করে বিদ্যুতের প্রয়োজন নেই। রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিকল্প থাকলেও সুন্দরবনের কোনো বিকল্প নেই বলে মনে করে নাগরিক সমাজ। অন্যদিকে দুই সচিবসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা দাবি করেছেন, এই প্রকল্প সুন্দরবন থেকে যথেষ্ট নিরাপদ দূরত্বে অবস্থিত। এটি সুন্দরবনের ওপর কোনো প্রভাব ফেলবে না।
গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আয়োজিত ‘রামপাল বিদ্যুৎ প্রকল্পের সম্ভাব্যতা ও কাম্যতা: পুনর্দৃষ্টিপাত’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ক্যাবের সভাপতি কাজী ফারুক।
আলোচনায় বিদ্যুৎসচিব মনোয়ার ইসলাম বলেন, রামপাল বিদ্যুৎ প্রকল্পে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এতে পরিবেশ বিশেষত সুন্দরবনের কোনো ধরনের ক্ষতি হবে না। যুগ্ম সচিব আনোয়ার হোসেন বলেন, এই প্রকল্পে যে ছাই উৎপাদিত হবে সেটা বাংলাদেশের ৫২টি সিমেন্ট কারখানায় ব্যবহূত হবে। ফলে পরিবেশের কোনো ক্ষতি হওয়ার সুযোগ নেই।