রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে ষড়যন্ত্র-অপপ্রচার চলছে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রামপালে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পর এই এলাকা আলোকিত হবে। মানুষের কর্মসংস্থান হবে। এই বিদ্যুৎকেন্দ্রের কারণে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না। এই প্রকল্প নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। যাঁরা এর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন, তাঁরা দেশের মঙ্গল চান না।

আজ বুধবার দুপুরে বাগেরহাটের রামপাল উপজেলার শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

নিজের জন্য দোয়া এবং আওয়ামী লীগের জন্য ভোট চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বক্তব্যে বলেন, আওয়ামী লীগ আবারও ক্ষমতায় এলে শিক্ষার উন্নয়নে প্রতিটি উপজেলায় একটি সরকারি বিদ্যালয় ও একটি সরকারি মহাবিদ্যালয় গড়ে তোলা হবে।

রামপাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবদুল ওহাবের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন খুলনার সাবেক মেয়র তালুকদার আবদুল খালেক, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ প্রমুখ।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, রামপাল-৩ আসনের সাংসদ সৈয়দা হাবিবুন নাহার প্রমুখ।

প্রধানমন্ত্রী রামপালে তাঁর সরকারের নেওয়া তিনটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী ফলক উন্মোচন করেন এবং নয়টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে হেলিকপ্টারে বাগেরহাটের মংলা উপজেলার জয়মনির ঘোল গ্রামে পৌঁছান। সেখানে তিনি ৫০ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতাসম্পন্ন আধুনিক খাদ্য গুদামের (সাইলো) ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় শেখ হাসিনা সংক্ষিপ্ত সুধী সমাবেশে যোগ দেন। সুধী সমাবেশে তিনি দেশে খাদ্যনিরাপত্তা গড়ে তোলার লক্ষ্যে তাঁর সরকারের বিশেষ প্রচেষ্টার কথা উল্লেখ করেন। খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাগেরহাট-৩ আসনের সাংসদ সৈয়দা হাবিবুন নাহার, খাদ্য মন্ত্রণালয়ের সচিব মুশফেকা ইকফাৎ প্রমুখ।

দুপুর সোয়া একটার দিকে প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে মংলা থেকে রামপালে আসেন। বেলা দুইটায় তিনি হেলিকপ্টারযোগে বাগেরহাটের উদ্দেশে রামপাল ত্যাগ করেন।