রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তি হবে ফেব্রুয়ারিতে
বহুল আলোচিত রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণচুক্তি সই হবে আগামী ফেব্রুয়ারিতে। প্রতিযোগিতামূলক দরপত্র-প্রক্রিয়ায় কেন্দ্রটি নির্মাণের জন্য ঠিকাদার নির্বাচিত হয়েছে ভারত হেভি ইলেকট্রিক লিমিটেড (ভেল)। ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার এই কেন্দ্রটিতে ২০১৯ সালে উৎপাদন শুরু হতে পারে। এই কেন্দ্রে উৎপাদিত সব বিদ্যুৎ কিনবে বাংলাদেশ। বিদ্যুৎসচিব ও বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) চেয়ারম্যান মনোয়ার ইসলাম প্রথম আলোকে এ তথ্য দিয়েছেন।
কেন্দ্রটি নির্মাণে ব্যয় হবে প্রায় ১২ হাজার কোটি টাকা (দেড় বিলিয়ন বা ১৫০ কোটি মার্কিন ডলার)। এর ৩০ শতাংশ বিনিয়োগ করবে উদ্যোক্তা কোম্পানি। অবশিষ্ট ৭০ শতাংশ ঋণ নেওয়া হবে। দরপত্রের শর্ত অনুযায়ী ঠিকাদারই এই ঋণ সংগ্রহ করবে। এ ক্ষেত্রে ভারতের এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক থেকে ভেল ঋণের অর্থ পাবে। ২ শতাংশ সুদে ঠিকাদারের মাধ্যমে এই অর্থ পাওয়া যাবে।
রামপাল বিদ্যুৎকেন্দ্রটি বিদ্যুৎ খাতে বাংলাদেশ ও ভারতের মধ্যে সহযোগিতার স্মারক। কেন্দ্রটি স্থাপনের জন্য বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠান বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ও ভারতের সরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল থারমাল পাওয়ার কোম্পানির (এনটিপিসি) যৌথ উদ্যোগে গঠিত হয়েছে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল)। বর্তমানে বাংলাদেশের বিদ্যুৎসচিব এই কোম্পানির চেয়ারম্যান। আর ব্যবস্থাপনা পরিচালক এনটিপিসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
মনোয়ার ইসলাম প্রথম আলোকে বলেন, ভেলের নির্মাণ ঠিকাদার হিসেবে নির্বাচন ও নিযুক্তির বিষয়টি বাংলাদেশ পক্ষ তথা বিপিডিবি ইতিমধ্যে অনুমোদন করেছে। এনটিপিসির কাছে অনুমোদনের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। তাদের অনুমোদন পেলেই ভেলকে চিঠি দেওয়া হবে চুক্তি সইয়ের জন্য। চলতি মাসের মধ্যেই তাঁরা এই প্রক্রিয়া সম্পন্ন করতে চান। এরপর ফেব্রুয়ারিতে চুক্তি সই হবে।
ঠিকাদার নির্মাণকাজ কবে শুরু করবে জানতে চাইলে বিদ্যুৎসচিব বলেন, সাধারণভাবে ঋণ সংগ্রহের প্রক্রিয়া চূড়ান্ত (ফিন্যান্সিয়াল ক্লোজার) হওয়ার পর কাজ শুরু করার কথা। কিন্তু চেষ্টা করা হবে তার আগেই কাজ শুরু করে দেওয়ার। কারণ, মূল সময়সূচির চেয়ে প্রকল্পটি প্রায় দুই বছর পিছিয়ে পড়েছে।
প্রকল্পের নির্মাণ ঠিকাদার চূড়ান্ত করা হলেও এখন পর্যন্ত এই কেন্দ্রের জন্য কয়লার উৎস, কয়লা আনার প্রক্রিয়া ও পদ্ধতি নিশ্চিত হয়নি। তবে এ ব্যাপারে সংশ্লিষ্ট পরামর্শক প্রতিষ্ঠান কাজ করছে বলে জানা গেছে। বিআইএফপিসিএলের একটি সূত্র বলেছে, কেন্দ্রটি নির্মাণে সময় লাগবে এখনো প্রায় চার বছর। কয়লা লাগবে তারপরে। কাজেই কয়লার উৎস ও আমদানির প্রক্রিয়া-পদ্ধতি নিশ্চিত করার জন্য যথেষ্ট সময় তাঁদের হাতে আছে। এই কেন্দ্রের জন্য প্রতিদিন কয়লা লাগবে প্রায় ১০ হাজার মেট্রিক টন।
রামপাল বিদ্যুৎকেন্দ্র সুন্দরবনের বাংলাদেশ অংশের উত্তর-পশ্চিম প্রান্তসীমা থেকে ১৪ কিলোমিটার দূরে। আইন অনুযায়ী সুন্দরবনের ১০ কিলোমিটারের মধ্যে এ ধরনের স্থাপনা করা যায় না। তবে পরিবেশবাদী বিভিন্ন সংগঠন ও সুশীল সমাজের একাংশ প্রকল্পটিকে সুন্দরবন ধ্বংসকারী অভিহিত করে এর বিরোধিতা করছে।
তবে সরকারের বক্তব্য হচ্ছে, পরিবেশবিজ্ঞানী, গবেষক এবং এ-সংক্রান্ত উচ্চতর প্রকৌশল জ্ঞানসম্পন্ন ব্যক্তিদের পরামর্শ নিয়েই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। তা ছাড়া এই প্রকল্পে সর্বাধুনিক প্রযুক্তি (সুপার ক্রিটিক্যাল) ব্যবহৃত হবে। তাই সুন্দরবনের কোনো ক্ষতির আশঙ্কা অমূলক।
রামপাল বিদ্যুৎকেন্দ্রে উৎপাদিত প্রতি কিলোওয়াট বিদ্যুতের দামের বিপরীতে স্থানীয় উন্নয়নের জন্য তিন পয়সা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিআইএফপিসিএল। এতে বছরে প্রায় ২৭ কোটি টাকা হবে। এই টাকা স্থানীয় রাস্তাঘাট, হাসপাতাল ও অন্যান্য প্রয়োজনীয় খাতে ব্যয় করা হবে।