রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে আন্দোলন থেকে সরবে না কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম বন্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তেল-গ্যাস ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। আজ বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।

সমাবেশে বক্তারা বলেন, বিভ্রান্তিকর তথ্য তুলে ধরে বিশেষজ্ঞদের মতামতকে উপেক্ষা করা হচ্ছে। লংমার্চের অংশগ্রহণ ও সমর্থনকারী কোটি জনতার মতামতের কোনো মূল্য দেওয়া হচ্ছে না। বরং দেশি-বিদেশি আমলা, ব্যবসায়ী ও কমিশনভোগীদের স্বার্থকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। এর পরিণাম মোটেও শুভ হবে না বলে তাঁরা হুঁশিয়ার করে দেন। তাঁরা বলেন, ‘বিদ্যুৎ উৎপাদনের বহু বিকল্প পথ আছে, কিন্তু সুন্দরবনের কোনো বিকল্প নেই।’

সমাবেশে জাতীয় কমিটির নেতারা বলেন, এই প্রকল্প শুধু সুন্দরবনকেই ধ্বংস করবে না, এটি জীবন-জীবিকা, পানিসম্পদ ও ওই অঞ্চলের জনগণের স্বাস্থ্যের যে মাত্রায় ক্ষতি করবে, তা পূরণ করা সম্ভব নয়। সুন্দরবন ধ্বংসের কারণে প্রতিটি প্রাকৃতিক দুর্যোগে লাখ লাখ মানুষের জীবন বিপন্ন হবে। কয়লাভিত্তিক অন্যান্য বিদ্যুৎ প্রকল্পে যেখানে প্রতি ইউনিট চার টাকা খরচের কথা বলা হয়েছে, সেখানে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উত্পাদিত বিদ্যুতের খরচ আট টাকা ৮৫ পয়সা হবে বলে বলা হচ্ছে। এটি হলে এই বিদ্যুৎকেন্দ্রে পরিবেশ ও অন্যান্য ক্ষতির হিসাব বাদ দিয়ে শুধু বিদ্যুৎ বাবদ জনগণের ক্ষতির পরিমাণ হবে প্রায় পাঁচ লাখ কোটি টাকা।

 জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন আনু মুহাম্মদ, রুহিন হোসেন প্রিন্স, বজলুর রশিদ ফিরোজ, রাগিব আহসান মুন্না, জোনায়েদ সাকি, সাইফুল হক, শুভ্রাংশু চক্রবর্তী প্রমুখ।