রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিষয়ে জনমত যাচাইয়ের জন্য গণভোট দেওয়ার দাবি জানিয়েছেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ।
গতকাল শুক্রবার নারায়ণগঞ্জে ‘মহাপ্রাণ সুন্দরবন বাংলাদেশকে রক্ষা করে, সুন্দরবন রক্ষা আমাদের সকলের কর্তব্য’ শীর্ষক শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আনু মুহাম্মদ এসব কথা বলেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, সুন্দরবন ৩৫-৪০ লাখ লোকের জীবিকার জোগান দেয়। প্রায় চার কোটি মানুষের জীবন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করে। সুন্দরবন ধ্বংস করে সেখানে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হলে তা হবে বাংলাদেশের জন্য অপূরণীয় ক্ষতি। এ বিষয়টি ইউনেসকো বাংলাদেশ সরকারকে লিখিতভাবে জানিয়েছে।
আনু মুহাম্মদ আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক হাতে পরিবেশ পদক আরেক হতে সুন্দরবনের মৃত্যুর পরোয়ানা। কিন্তু সুন্দরবন রক্ষায় দেশে জাতীয় জাগরণ সৃষ্টি হয়েছে। যেখানে নারী ও শিশুরা পর্যন্ত সম্পৃক্ত হচ্ছে। সুন্দরবনে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বন্ধের দাবিতে ইতিমধ্যে ভারতের কলকাতা, দিল্লি, ইউরোপ, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে সভা-সমাবেশ হয়েছে। জাতীয় জাগরণের আন্দোলন আন্তর্জাতিক আন্দোলনে রূপ নিচ্ছে। জাতিসংঘের ইউনেসকো থেকে তিন-তিনবার এ প্রকল্প বন্ধ করার জন্য সরকারকে আহ্বান জানিয়েছে। অথচ এসবে সরকার কর্ণপাত করছে না। জনমত যাচাইয়ের জন্য সরকারকে গণভোট আয়োজনের দাবি জানান তিনি।
নগরীর চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির নারায়ণগঞ্জ শাখা।
অনুষ্ঠানের সভাপতি সংগঠনটির জেলা শাখার আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, ‘সরকার ভুল তথ্য দিয়ে, ভুল বিজ্ঞাপনী-প্রচারণার মাধ্যমে জনগণকে সুন্দরবন নিয়ে বিভ্রান্ত করে চলেছে, যা আইনত সরকার কখনোই করতে পারে না। যেকোনো মূল্যেই মহাপ্রাণ সুন্দরবনকে আমাদের রক্ষা করতে হবে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিপিবির নারায়ণগঞ্জ জেলা সংগঠক দুলাল সাহা, বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাস, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সম্পাদক হিমাংশু সাহা, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সম্পাদক আবু হাসান টিপু, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা প্রমুখ।