বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ গতকাল সোমবার সংবাদ সম্মেলনে রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে যে বক্তব্য দিয়েছেন, তাতে ভুল তথ্য ও ব্যাখ্যা রয়েছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতারা।
গণসংহতি আন্দোলন কেন্দ্রীয় পরিচালনা কমিটির পক্ষে প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ও অন্যতম সদস্য আবদুস সালামসহ কেন্দ্রীয় নেতারা গতকাল এক বিবৃতিতে এই মন্তব্য করেন। বিবৃতিতে তাঁরা বলেন, রামপালের বিদ্যুৎকেন্দ্র বিষয়ে বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর শুরু থেকে যেসব আপত্তি জানিয়েছে, তাতে খুবই স্পষ্ট যে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মিত হলে সুন্দরবনসহ পার্শ্ববর্তী এলাকার পরিবেশের ওপর ব্যাপক বিরূপ প্রতিক্রিয়া হবে। ভারতেই ১৯৮৭ সালের আইন অনুযায়ী কোনো সংরক্ষিত বনাঞ্চলের ২৫ কিলোমিটারের মাঝে কোনো কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা যায় না।
বিবৃতিতে বলা হয়, গণতান্ত্রিক বাম মোর্চার ১৬-১৮ অক্টোবর সুন্দরবন রোডমার্চে পুলিশের হামলা, শান্তিপূর্ণ সমাবেশের কর্মসূচি পালনে জেলায় জেলায় বাধা, রোডমার্চ বহরকে ঘেরাও করে রাখা থেকেই এটা পরিষ্কার যে সরকার এই প্রকল্প বাস্তবায়নে মরিয়া। গণসংহতি আন্দোলন দেশের অপরাপর গণতান্ত্রিক শক্তিকে সঙ্গে নিয়ে এই সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবে। বিজ্ঞপ্তি।