রামপাল বিদ্যুৎকেন্দ্র পাঁচ বছরের মধ্যে চালু করতে চায় সরকার
সরকার আগামী পাঁচ বছরের মধ্যে রামপালের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটি চালু করার লক্ষ্যে কাজ করছে। এ জন্য ‘ফাস্ট ট্রাক’ কর্মসূচির অন্তর্ভুক্ত করে এ প্রকল্প বাস্তবায়ন ত্বরান্বিত করা হচ্ছে। চলতি বছরে প্রকল্পের পুরো কাজ (সিভিল ওয়ার্ক) শুরু করা হবে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী সম্প্রতি এক সেমিনারে বলেছেন, প্রকল্পের পরিকল্পনায় যেসব ব্যবস্থা রাখা হয়েছে, তাতে এই প্রকল্পের কারণে সুন্দরবন ক্ষতিগ্রস্ত হবে না। বাস্তবায়ন পর্যায়েও ওই পরিকল্পনা যথাযথভাবে কার্যকর হওয়ার বিষয়টি নিশ্চিত করা হবে। প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন করা হবে।
প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি। কোম্পানিটির নির্ভরযোগ্য সূত্র জানায়, ইতিমধ্যে প্রকল্পের মাটি ভরাট শেষ হয়েছে। সম্প্রতি ‘ওনার্স ইঞ্জিনিয়ার’ হিসেবে দুটি বিদেশি কোম্পানিকে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তারা প্রকল্পের নকশা তৈরি করবে এবং নকশা অনুযায়ী কাজ হচ্ছে কি না, তা তদারক করবে। বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ ঠিকাদার (ইপিসি কন্ট্রাক্টর) নিয়োগ ও যন্ত্রপাতি কেনার জন্য দরপত্র চূড়ান্ত করা হবে ছয় মাসের মধ্যে।
বিদ্যুৎসচিব ও বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানির বর্তমান চেয়ারম্যান মনোয়ার ইসলাম বলেন, এ প্রকল্পে সর্বোৎকৃষ্ট প্রযুক্তি ও ব্যবস্থাপনা পদ্ধতি প্রয়োগ করা হবে। সরকার এ প্রকল্প বাস্তবায়নে কোনো খুঁত রাখবে না।
তবে প্রকল্পটি নিয়ে পরিবেশবাদীদের একাংশ তীব্র আপত্তি তুলেছেন। এখন তাঁদের প্রধান অভিযোগ প্রকল্পের স্থান নিয়ে। তাঁরা বলছেন, এই প্রকল্পের কারণে সুন্দরবন, বনের প্রতিবেশ ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হবে। কাজেই প্রকল্পটি অন্যত্র সরিয়ে নেওয়া হোক।
তাঁরা বলছেন, কয়লা পরিবহনের সময় এর ক্ষুদ্রাংশ ছড়িয়ে পড়ে নদী ও বনের ক্ষতি হবে। কয়লা পরিবহনের সময় জাহাজের শব্দে এবং রাতে চলাচলকারী জাহাজের আলোতে সুন্দরবনের জীবজন্তুর স্বাভাবিক জীবন ব্যাহত হবে। বিদ্যুৎকেন্দ্রে ব্যবহূত কয়লার ধোঁয়া সুন্দরবনসহ আশপাশের গাছপালা ও পরিবেশ বিপন্ন করে তুলবে।
কিন্তু সরকার ও কোম্পানির পক্ষ থেকে বলা হচ্ছে—কয়লা পরিবহনের জাহাজগুলো সম্পূর্ণ ঢাকা (কাভারড) থাকবে। কয়লা ওঠানো-নামানো হবে সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে চলমান সিঁড়ির (কনভেয়ার বেল্ট) সাহায্যে। আর আমদানি করা কয়লার সবচেয়ে ছোট টুকরাটির মাপও হবে ১৫ সেন্টিমিটার।
সমুদ্রের আকরাম পয়েন্ট বা তার উত্তরে প্রকল্প এলাকা পর্যন্ত যে পথে কয়লা আনা হবে, সে পথে বর্তমানে প্রতিদিন বিভিন্ন মাপের প্রায় ২৫০টি জাহাজ চলাচল করছে। এর মধ্যে জ্বালানি তেল, সিমেন্ট ক্লিংকার ও এলপি গ্যাসের জাহাজ রয়েছে। এগুলো দিন-রাত নির্বিশেষে চলাচল করে। এর সঙ্গে প্রতিদিন কয়লা বহনকারী একটি বা দুটি জাহাজ চললে সুন্দরবনের জীবজন্তুর বিশেষ ক্ষতি হওয়ার আশঙ্কা অমূলক বলে দাবি করছে প্রকল্পসংশ্লিষ্টরা।
বিদ্যুৎকেন্দ্রে ব্যবহূত কয়লার ধোঁয়া থেকেও সুন্দরবনের কোনা ক্ষতি হবে না উল্লেখ করে প্রকল্পসংশ্লিষ্টরা বলেন, কয়লা ব্যবহূত হবে উন্নত মানের। আধুনিক ‘সুপার ক্রিটিক্যাল’ প্রযুক্তি ব্যবহূত হওয়ায় ক্ষতিকর গ্যাস নিঃসৃত হবে সহনীয় মাত্রায়। বিদ্যুৎকেন্দ্রের চিমনির উচ্চতা হবে ২৭৫ মিটার (প্রায় ২০ তলা ভবনের সমান)। ফলে যে ধোঁয়া নিঃসৃত হবে তা ওই উচ্চতার চিমনি দিয়ে ঊর্ধ্বাকাশে চলে যাবে। সর্বোপরি বিদ্যুৎকেন্দ্রের চারপাশে দুই লাখ গাছ লাগিয়ে কার্বন-ডাই অক্সাইডের দূষণ ন্যূনতম পর্যায়ে রাখা যাবে। এই বিদ্যুৎকেন্দ্রে প্রতিবছর ছাই তৈরি হবে নয় লাখ টন। তবে এর একটি ছাইও বাতাসে উড়বে না। সব ছাই ধরে রাখার প্রযুক্তি রয়েছে। এই ছাই অনেক দামে বিক্রি হয় বলে তা নষ্ট করা হয় না।
তবে এসব যুক্তি এবং ‘ফাস্ট ট্রাক’ কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হলেও প্রকল্পটি বাস্তবায়নে এখনো বেশ কিছু চ্যালেঞ্জ রয়েই গেছে। এর অন্যতম হচ্ছে, কয়লার নির্ভরযোগ্য উৎস নিশ্চিত করা। প্রকল্প বাস্তবায়নকারী কোম্পানি অবশ্য ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকাকে উৎস হিসেবে নির্ধারণ করেছে। ২০১৫ সালে এর যেকোনো একটি দেশের সঙ্গে চুক্তিও করার কথা।
কিন্তু বিদ্যুৎকেন্দ্রের আয়ুষ্কাল ২৫ বছর ধরে এক শতাংশের কম সালফারযুক্ত বিপুল পরিমাণ কয়লার সরবরাহ সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি তারা। বিদ্যুৎকেন্দ্রটি পূর্ণ ক্ষমতায় চালাতে প্রতিদিন প্রায় ১২ হাজার মেট্রিক টন কয়লা লাগবে।
তা ছাড়া ইন্দোনেশিয়ায় যে কয়লা পাওয়া যাবে, তাতে সালফারের পরিমাণ কম হলেও তাপমান কম (প্রতি কেজি পাঁচ হাজার ১০০ থেকে পাঁচ হাজার ৭০০ কিলোক্যালরি)। এই কয়লা প্রতি টনের দাম বর্তমানে প্রায় ১৫০ মার্কিন ডলার। আনার খরচ পড়বে প্রতি টনে প্রায় ২৭ ডলার।
দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ায় প্রতি কেজিতে পাঁচ হাজার ৮০০ থেকে ছয় হাজার ৩০০ কিলোক্যালরি পর্যন্ত তাপমানের কয়লা পাওয়া যাবে। সে কয়লার দাম টনপ্রতি ১৬০ ডলারেরও বেশি। আনার খরচ পড়বে প্রতি টনে প্রায় ৩৯ ডলার। কাজেই কয়লার মান ও দামের মধ্যে সমন্বয়ের কঠিন কাজটি করতে হবে।
দ্বিতীয় চ্যালেঞ্জ হলো কয়লা পরিবহন। খরচ অপেক্ষাকৃত কম রাখার জন্য ৮০ হাজার মেট্রিক টনের জাহাজে করে কয়লা আমদানি করলেই ভালো হয়। কিন্তু এই মাপের জাহাজ সমুদ্র মোহনার আকরাম পয়েন্ট (মংলা বন্দরের জেটি থেকে ৪৪ নটিক্যাল মাইল দক্ষিণে) আনতে হলেও কিছুটা খননকাজ করতে হবে। কারণ, আকরাম পয়েন্টের দক্ষিণে সমুদ্রের তলদেশ ভরাট হয়ে জেগে উঠেছে।
অবশ্য এসব চ্যালেঞ্জ মোকাবিলা করেই সম্ভাব্য দ্রুততম সময়ে প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব হবে বলে বিদ্যুৎ সচিব প্রথম আলোকে বলেন। খোঁজ নিয়ে জানা গেছে, আকরাম পয়েন্ট থেকে প্রকল্প এলাকা পর্যন্ত নদী খনন শুরু করা হয়েছে। এর একাংশ করছে মংলা বন্দর কর্তৃপক্ষ। একাংশ করবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।
২০১০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় বিদ্যুৎ ও জ্বালানি খাতে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। তারপর এই সহেযাগিতার ক্ষেত্র চিহ্নিত করে ভারতের সরকারি-বেসরকারি খাত থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি এবং পিডিবি-এনটিপিসির যৌথ উদ্যোগে রামপালে ওই কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটি স্থাপনের সিদ্ধান্ত নিয়ে তা বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করা হয়।