রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিল না হলে হরতালের হুমকি

বাগেরহাটের রামপালে তাপবিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবিতে ২০ আগস্ট সারা দেশে অবস্থান কর্মসূচি পালন করবে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। এর মধ্যেও দাবি পূরণ না হলে হরতাল, অবরোধের মতো কর্মসূচি দেওয়ার হুমকি দিয়েছে জাতীয় কমিটি।
গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ এ কর্মসূচি ঘোষণা করেন।
২৮ জুলাই সুন্দরবন রক্ষার দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে রওনা হওয়ার সময় ‘পুলিশি হামলার’ প্রতিবাদে গতকালের এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে একটি মিছিল বের হয়ে পল্টন মোড় হয়ে আবার প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
আনু মুহাম্মদ বলেন, কেন্দ্রীয়ভাবে ২০ আগস্ট সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করা হবে। সেখানে গান, কবিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সুন্দরবন নিয়ে বৈজ্ঞানিক বিশ্লেষণ বিষয়ে আলোচনা হবে। এর মধ্যেও দাবি পূরণ না হলে হরতাল, অবরোধের মতো কর্মসূচি দেওয়ার হুমকি দেন তিনি।
বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবি জানিয়ে আনু মুহাম্মদ বলেন, কোনো কোম্পানিতে যুক্ত বিশেষজ্ঞ ছাড়া আর একজন বিশেষজ্ঞও পাওয়া যাবে না, যাঁরা বলবেন, রামপালে বিদ্যুৎকেন্দ্র হলে সুন্দরবনের ক্ষতি হবে না।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন শিক্ষক এ এন রাশেদা, মোহাম্মদ তানজীমউদ্দিন খান, মোসাহিদা সুলতানা, আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া প্রমুখ।