রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবি
সুন্দরবন ধ্বংস করে জাতীয় স্বার্থবিরোধী রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবি জানিয়েছে তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি। একই সঙ্গে তারা বঙ্গোপসাগরে কনোকো-ফিলিপসকে গ্যাসব্লক ইজারা বন্ধেরও দাবি জানিয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর জাহানারা গার্ডেনে জাতীয় কমিটির সভায় এই দাবি জানানো হয়। সভায় তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে সরকারের জ্বালানি উপদেষ্টা নিয়োগ দেওয়ায় ক্ষোভ জানিয়ে বলা হয়, জাতীয় সম্পদ নিয়ে জাতীয় স্বার্থবিরোধী অপতৎপরতা পরিচালনাকারী এই ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির অসংখ্য অভিযোগ আছে। তার পরও তাঁকে এই নিয়োগ দেওয়া দুর্নীতিবাজ ও বহুজাতিক কোম্পানির স্বার্থ রক্ষার কাজকেই অগ্রসর করবে। সভায় সাত দফা দাবি জানানো হয়। জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন প্রকৌশলী ম. ইনামুল হক, কল্লোল মোস্তফা, সিপিবির নেতা রুহিন হোসেন প্রিন্স, বাসদ নেতা বজলুর রশিদ ফিরোজ ও গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি।