রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক সুলতানা কামাল বলেছেন, সব সময় ক্ষমতাসীন সরকার তাদের কার্যক্রমের সমালোচনাকে ঢালাওভাবে ষড়যন্ত্রমূলক ও রাজনৈতিক উদ্দেশ্যমূলক হিসেবে দেখানোর চেষ্টা করে। গতকাল মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করে তিনি বলেন, এই আন্দোলন সুন্দরবনকে যেকোনো ঝুঁকি থেকে রক্ষা করবে৷ ‘রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র বিষয়ক সর্বশেষ পরিস্থিতি: নাগরিক সমাজের প্রতিক্রিয়া’ শীর্ষক এ সংবাদ সম্মেলনের আয়োজন করে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি।

সুলতানা কামাল বলেন, বিশ্ব আজ কয়লানির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির দিকে মনোযোগী হচ্ছে। বিশ্ব ঐতিহ্য সুন্দরবনকে বাঁচানোর স্বার্থে রামপাল বিদ্যুৎ প্রকল্পটি অবিলম্বে বাতিল করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সুলতানা কামাল আরও বলেন, গত শনিবার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রামপাল কয়লা বিদ্যুৎকেন্দ্রের বিরোধিতাকে ‘ভিত্তিহীন, কাল্পনিক ও মনগড়া এবং নেতিবাচক ও ভীতি সৃষ্টিকর’  হিসেবে উল্লেখ করেছেন। এ সময় তিনি এ বিদ্যুৎকেন্দ্রের বিরুদ্ধে গড়ে ওঠা নাগরিকদের আন্দোলনের সঙ্গে বিএনপির সাম্প্রতিক অবস্থানকে সম্পৃক্ত করেছেন। সুলতানা কামাল বলেন, ‘আমরা স্পষ্টভাবে জানাতে চাই এ আন্দোলনের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক থাকার প্রশ্নই আসে না।’

সংবাদ সম্মেলনে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির খুশী কবির, অধ্যাপক এম এম আকাশ, অধ্যাপক বদরূল ইমাম, সৈয়দা রিজওয়ানা হাসান, আবদুল মতিন ও শরীফ জামিল বক্তব্য দেন।

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি: ফুলবাড়ী চুক্তির দশ বছরপূর্তি উপলক্ষে ‘ফুলবাড়ী থেকে সুন্দরবন: প্রতিরোধের এক দশক’ শীর্ষক গতকাল বিকেলে রাজধানীর মুক্তি ভবনে আলোচনা সভা করে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। সভায় বক্তারা বলেন, দিনাজপুরের ফুলবাড়ীতে ২০০৬ সালে গণ-অভ্যুত্থান ঘটেছিল। তাই তাই ফুলবাড়ীর পথ ধরে সুন্দরবন রক্ষা করতে হবে। বিভ্রান্তি ছড়িয়ে, হুমকি-ধমকি দিয়ে জনগণকে আন্দোলন থেকে পিছু হটানো যাবে না।

সভায় জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লার সভাপতিত্বে অধ্যাপক আনু মুহাম্মদ, টিপু বিশ্বাস প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি৷