প্রধানমন্ত্রীর উদ্দেশে আনু মুহাম্মদ
রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিলের সিদ্ধান্ত নিয়ে দিল্লি থেকে আসুন
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে যেসব চুক্তি করতে গেছেন, তা নিয়ে দেশের মানুষের মধ্যে নানা ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা ও প্রশ্ন রয়েছে। তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘অস্ত্র কেনার প্রতিরক্ষা চুক্তির দরকার নাই, সুন্দরবন রক্ষার জন্য রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিলের সিদ্ধান্ত নিয়ে দিল্লি থেকে ফিরে আসুন।’
‘প্রকৃতি জয় করার কিছু নাই, সঙ্গে থাকো’ স্লোগানে গতকাল শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রুতি সাংস্কৃতিক একাডেমির ২৫ বছর পূর্তি উৎসব ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে আনু মুহাম্মদ এসব কথা বলেন। সংগঠনটির সভাপতি আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বাসদের কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান রতন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি প্রমুখ বক্তব্য দেন। আনু মুহাম্মদের হাতে অনুষ্ঠানে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আবদুর রহমান।
অনুষ্ঠানে অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘চীন থেকে পুরোনো সাবমেরিন কিনে, রাশিয়া-ভারত থেকে ঋণ নিয়ে অস্ত্র কিনে প্রতিরক্ষাব্যবস্থা তৈরি হয় না। প্রতিরক্ষাব্যবস্থার মূল ভিত্তি জনগণ, প্রকৃতি ও নদী। এই নদীর ওপর দাঁড়িয়ে আছে সুন্দরবন। সেই সুন্দরবন ও নদীবিনাশী প্রকল্প করে প্রতিরক্ষা চুক্তির কথা প্রহসন ছাড়া আর কিছু না।’
আনু মুহাম্মদ আরও বলেন, যে সমাজে সুন্দরবন ধ্বংস হলে মানুষ পীড়িত হয় না; নদী ধ্বংস হলে পীড়িত হয় না, তাদের মধ্যেই জঙ্গি তৈরি হয়। যে জঙ্গিবাদ দমনের কথা সরকার বলছে, সেই মতাদর্শই সরকার গ্রহণ করছে। জঙ্গিবাদী মতাদর্শ দিয়ে জঙ্গিবাদ দমন করা যায় না।