রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপনের বিরুদ্ধে সেপ্টেম্বরে লংমার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন প্রকল্প বাতিলসহ সাত দফা দাবিতে আগামী ২৪ থেকে ২৮ সেপ্টেম্বর ঢাকা-রামপাল লংমার্চ কর্মসূচি পালন করবে তেল গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।

গতকাল সোমবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জাতীয় কমিটির নেতারা এই কর্মসূচির কথা জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ। এতে জানানো হয়, ১৪ জুন মাগুরছড়া দিবসের অনুষ্ঠান ছাড়াও আগামীকাল বুধবার থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী সভা-সমাবেশ, মতবিনিময় ও পদযাত্রা কর্মসূচি পালন করা হবে। সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জে ভারতের টার্মিনাল নির্মাণ-সংক্রান্ত খবরের বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। লিখিত বক্তব্যে আনু মুহাম্মদ রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপন প্রকল্পকে জাতীয় হুমকি বলে উল্লেখ করে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, সুন্দরবনের পক্ষে লাখ লাখ তরুণ ভোট দিয়েছেন। বিভিন্ন বিশেষজ্ঞ ও সংগঠন কথা বলেছে। সুন্দরবন ধ্বংসের বিপক্ষেও সবাই প্রতিরোধ গড়ে তুলবেন। জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মো. শহীদুল্লাহ বলেন, রামপালে বিদ্যুৎকেন্দ্র হলে সুন্দরবন শেষ হয়ে যাবে। এটা হলে ভারতীয় আধিপত্যবাদের কাছে এ দেশের করুণ আত্মসমর্পণ হবে। এর বিরুদ্ধে কঠোর আন্দোলন না গড়ে তুললে ভবিষ্যৎ প্রজন্মের কাছে অপরাধী হয়ে থাকতে হবে। সংবাদ সম্মেলনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) আহ্বায়ক খালেকুজ্জামানসহ জাতীয় কমিটির অন্য নেতারা উপস্থিত ছিলেন।