রামপাল বিদ্যুৎকেন্দ্র হলে সুন্দরবনের ওপর মানুষের চাপ কমবে
রামপালে বিদ্যুৎকেন্দ্র হলে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনের ওপর মানুষের চাপ কমবে। জীবিকার তাগিদে মানুষকে সুন্দরবনে যেতে হবে না। রামপালেই প্রচুর কাজের সুযোগ তৈরি হবে।
সুন্দরবন-সংলগ্ন রামপাল বিদ্যুৎ প্রকল্প এলাকা ঘুরে এসে আজ বুধবার এই মত দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। সংসদীয় কমিটি ১৬ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত রামপাল বিদ্যুৎ প্রকল্প এলাকা পরিদর্শন করে। এ উপলক্ষে আজ জাতীয় সংসদ ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
রামপালে বাংলাদেশ-ভারতের যৌথ উদ্যোগে ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার কয়লা বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ চলছে। কিন্তু তেল-গ্যাস-বিদ্যুৎ, বন্দর ও খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটিসহ পরিবেশবাদীদের অনেকেই দাবি করে আসছেন, রামপালে বিদ্যুৎকেন্দ্র হলে সুন্দরবনের পরিবেশের ক্ষতি হবে। এ নিয়ে তাঁরা গত কয়েক বছর ধরে আন্দোলন করে আসছেন। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, রামপালে বিদ্যুৎকেন্দ্র হলে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না।
আজ সংবাদ সম্মেলনে সংসদীয় কমিটির সভাপতি তাজুল ইসলাম বলেন, সুন্দরবনে জীবনের ঝুঁকি নিয়ে মানুষ মধু সংগ্রহ, কাঠ কাটতে ও শিকার করতে যায়। এ জন্য তাদের বাঘ ও কুমিরের আক্রমণ মোকাবিলা করতে হয়। এতে অনেকের প্রাণহানিও ঘটে। কিন্তু রামপালে বিদ্যুৎকেন্দ্র তৈরি হলে সুন্দরবনে মানুষের প্রবেশ কমে যাবে। সুন্দরবনের বনায়ন বাড়বে। কারণ, রামপালকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় কমপক্ষে ৫০ হাজার মানুষের প্রত্যক্ষ-পরোক্ষ জীবিকার সংস্থান হবে।
তাজুল ইসলাম আরও বলেন, প্রকল্প এলাকা থেকে সুন্দরবন ১৪ কিলোমিটার দূরে। বাস্তবে তা ১৮-২০ কিলোমিটার হবে। যেখানে প্রকল্পটি হচ্ছে, সেখানে কোনো বসতি নেই। আবাদি জমি অধিগ্রহণ করা লাগবে না। তাই জায়গাটি বিদ্যুৎ প্রকল্পের জন্য উপযুক্ত। স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে পশুর নদ দিয়ে ১০০টি জাহাজ আসা-যাওয়া করে। বিদ্যুৎকেন্দ্র হলে দু-একটি হয়তো বাড়বে। এতে কি খুব বেশি ক্ষতি হবে?
প্রকল্পের বিরোধিতাকারীদের সম্পর্কে কমিটির সভাপতি বলেন, ‘যাঁরা এটা নিয়ে বিরোধিতা করছেন, তাঁরা দেশের ভালো চেয়েই বলছেন। কিন্তু তাঁদের ধারণা স্পষ্ট নয়। তাঁরা পরিবেশের ক্ষতির আশঙ্কা করছেন। কিন্তু আমরা যেটা জেনেছি, ঢাকার বাতাসে বর্তমানে যে পরিমাণ সালফার ডাই-অক্সাইড আছে, রামপাল বিদ্যুৎকেন্দ্র থেকে তার চেয়ে কম সালফার ডাই-অক্সাইড নির্গত হবে। কারণ, কেন্দ্রের চিমনির উচ্চতা হবে ৯০০ ফুট।’
রামপাল বিদ্যুৎকেন্দ্র হলে সুন্দরবনের বন্য প্রাণীর ক্ষতি হবে না দাবি করে তাজুল ইসলাম বলেন, ‘আগে শুনতাম সুন্দরবনে ৬০০ বাঘ আছে। এখন বলা হয় ১০৬টি। এখন তো বিদ্যুৎকেন্দ্রও নেই। তাহলে বাঘ কমল কীভাবে?’